২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম আসরে একটি ম্যাচ জিতেছিল, ওটাই শেষ। অক্টোবরে বাংলাদেশের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া বিশ্বকাপে জয়খরা কাটাতে মরিয়া দল। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দেশ ছাড়ার আগে এই আকাঙ্ক্ষার কথা জানালেন।
বাংলাদেশের অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু সরকার পতনের পর নিরাপত্তা শঙ্কায় তা সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে।
আজ মঙ্গলবার বাংলাদেশ নারী দল উড়াল দেবে আরব আমিরাতের উদ্দেশে। তার আগে মিরপুরে হয়ে গেছে দলীয় ফটোসেশন। সেখানে নিগার গণমাধ্যমের মুখোমুখি হন। জানান তার লক্ষ্যের কথা, ‘প্রথমত ম্যাচ জিততে চেষ্টা করবো। ২০১৪ ছাড়া একটা বিশ্বকাপেও আমরা কোনও ম্যাচ জিততে পারিনি। ভালো ক্রিকেট খেলেছি। তবে ভালো ক্রিকেট খেলার কোনও মানে নেই, যদি আপনি ম্যাচ জিততে না পারেন। প্রথমত চাই ম্যাচ জিততে। দ্বিতীয়ত যখন আমরা ফ্লো পাবো, আমার কাছে মনে হয় আমাদের যে দল... অবশ্যই... সেমিফাইনাল কে না খেলতে চায়।’
অধিনায়ক আরও বলেছেন, ‘আমাদের সেভাবেই লক্ষ্য থাকবে। আমরা জানি যে আমাদের ক্রিকেটকে যদি এক ধাপ এগিয়ে নিতে চাই, তাহলে বিশ্বকাপের চেয়ে বড় মঞ্চ আর হতে পারে না। ওখানে ভালো পারফরম্যান্স করলে শুধু আমরা না, যারা বাংলাদেশে ক্রিকেট খেলে, বাকি যে মেয়েরা... যারা বাংলাদেশের জার্সি গায়ে খেলতে চায়, তাদের জন্য আমরা ভালো কিছু করতে চাই।'
সবকিছু ঠিক থাকলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নিজের শততম ম্যাচ খেলতে যাচ্ছেন নিগার। ম্যাচটি নিয়ে তাই বাড়তি রোমাঞ্চ কাজ করছে তার মনে, ‘প্রথম ম্যাচ স্পেশাল... তো প্রথম ম্যাচ জিততে চাই। আমার জন্য এটা সব থেকে স্পেশাল। আমার জন্য এবং আমার দলের জন্য এটা অনেক বড় একটা অর্জন হবে। অবশ্যই... একজন প্লেয়ার হিসেবে একশতম ম্যাচ, আমি এখনও জানি না খেলতে পারবো কিনা। যদি আল্লাহপাক সুস্থ রাখেন, তাহলে তো অবশ্যই খেলবো। যদি খেলি, প্রথম লক্ষ্য এটাই থাকবে, যেন জিততে পারি।'