জিম আফ্রো টি-টেনে সাব্বিরের ৫ ছক্কা

লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে সাব্বির রহমান। এমনকি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত একাদশে সুযোগ হচ্ছিল না তার। এবার ভিনদেশি লিগে খেলতে গেছেন তিনি। জিম আফ্রো টি-টেন লিগেও ছন্দ খুঁজে পাচ্ছিলেন না বাংলাদেশের এই ব্যাটার। অফফর্মের কারণে সেখানেও বাদ পড়েছিলেন। অবশেষে তার ব্যাট হেসেছে, গতকাল রাতে জোবার্গ বাংলা টাইগার্সের বিপক্ষে হারারে বোল্টসের হয়ে ১২ বলে ৫ ছক্কায় ৩৪ রানের ‘ক্যামিও’ ইনিংস খেলেছেন তিনি। দল জিততে না পারলেও নিজের সামর্থ্য ঠিকই দেখিয়েছেন।

আগে ব্যাটিং করে সাব্বিরের দল হারারে বোল্টস ৪ উইকেটে ১২০ রান করে। সর্বোচ্চ ৩৪ রান আসে সাব্বিরের ব্যাট থেকেই। ১০ ওভারে ১২১ রানের লক্ষ্য ৪ উইকেট হাতে রেখেই পার হয়ে গেছে জোবার্গ। দলটির হয়ে জ্বলে উঠেছেন জিম্বাবুয়ে অলরাউন্ডার সিকান্দার রাজা। 

দলটির অধিনায়ক রাজার ব্যাট থেকে এসেছে ১০ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৩৮ রানের বিধ্বংসী ইনিংস। এই ম্যাচ হারলেও ৭ ম্যাচের মধ্যে ৫টিতে জিতে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে সাব্বিরের দল। আজ জোবার্গের বিপক্ষেই তারা প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে।