ভারতের কাছে কানপুর টেস্টে ৭ উইকেটে হারের পর ক্যারিয়ারের শেষ অ্যাওয়ে টেস্টে সাকিব আল হাসান বিরাট কোহলির কাছ থেকে ব্যাট উপহার পান। দুই দলের খেলোয়াড়দের মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্কের আরেকটি দৃষ্টান্ত তৈরি হলো। ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে ব্যাট উপহার দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অপ্রত্যাশিত উপহারে খুশি হয়েছেন ভারতীয় ওপেনার।
বাংলাদেশে মিরাজের নিজের ক্রীড়া সরঞ্জাম তৈরির সংস্থা রয়েছে, যারা ‘এমকেএস স্পোর্টস’ নামে ক্রিকেট ব্যাট তৈরি করে। কানপুর টেস্ট শেষ হওয়ার পর নিজের সংস্থার তৈরি একটি ব্যাট রোহিতকে উপহার দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। বাংলাদেশের ব্যাটার ইমরুল কায়েস ও কয়েক জন বন্ধুর সঙ্গে যৌথ উদ্যোগে গত বছর থেকে ক্রিকেট সরঞ্জাম তৈরি করছেন মিরাজ।
রোহিতকে ব্যাট উপহার দেওয়ার ভিডিও মিরাজ পোস্ট করেছেন ‘এমকেএস স্পোর্টস’এর সমাজমাধ্যমের পেজে। সঙ্গে তিনি লিখেছেন, ‘রোহিত ভাইয়ের সঙ্গে আমি। তাকে আমার কোম্পানির তৈরি একটি ব্যাট উপহার দিলাম। অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল রোহিত ভাইকে একটা ব্যাট দেওয়ার। শেষ পর্যন্ত তাকে ব্যাট দিতে পেরে খুব ভালো লাগছে।’
সিরিজ় জয়ের পর অপ্রত্যাশিত উপহার পেয়ে রোহিতের প্রতিক্রিয়া, ‘মিরাজকে অনেক দিন ধরে চিনি। সে খুব ভালো ক্রিকেটার। কয়েক জন বন্ধুর সঙ্গে ও ক্রিকেট ব্যাট তৈরির সংস্থা তৈরি করেছে। এটা দারুণ। ওর জন্য সবসময় আমার শুভেচ্ছা থাকবে। সৃষ্টিকর্তা ওকে সাফল্য দিন। আশা করি ওর সংস্থাও অনেক এগিয়ে যাবে।’