এবার তামিমের টার্গেট পাকিস্তান

236715.3বিশ্বকাপের প্রথম রাউন্ডে ধর্মশালায় তিন ম্যাচের তিনটিতেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এর মধ্যে রবিবার ওমানের বিপক্ষে ৬৩ বলে ১০৩ রানের ইনিংস খেলেন এই ড্যাশিং ওপেনার। প্রথম পর্ব নিশ্চিত করে টাইগাররা এখর মূল পর্বে। সেখানে তাদের প্রথম ম্যাচ কলকাতার ইডেনে গার্ডেনে। ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামের পাকিস্তানের মুখোমুখি হবে মাশরাফিবাহিনী।
ওই ম্যাচে পাখির চোখ করেছেন তামিম ইকবাল। রবিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘বাছাইপর্বের বাঁধা অতিক্রম করেছি। এখন আমাদের আসল পরীক্ষা। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাছাইপর্বে যেমন খেলেছি মূলপর্বেও তেমন নৈপুণ্য দেখানোর ব্যাপারে আমি আশাবাদী।'

গত তিন ম্যাচের ব্যাটে রানের বন্যা মূল পর্বে আত্মবিশ্বাস জোগাবে উল্লেখ্য করে তামিম আরও বলেন, ‘আপনি যখন ভাল নৈপুণ্য দেখাবেন তখন আপনার আত্মবিশ্বাসও বাড়বে। আমার আত্মবিশ্বাস আছে। সুপার টেনে সেই আত্মবিশ্বাস ধরে রেখে পাকিস্তানের বিপক্ষে আমাদের সেরাটা দিতে চাই।'

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কাছে বারবার নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। গত বছর বাংলাদেশের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। তারপর একমাত্র টি-টোয়েন্টিতেও হারে তারা। আর সর্বশেষ এশিয়া কাপেও টাইগারদের কাছে হারলো তারা। এতে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচে পাকিস্তান হারের তিক্ত অভিজ্ঞতা পেয়েছে। পাকিস্তান ছাড়াও মূল পর্বে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে টাইগাররা।

/আরআই/এমআর/