মিরপুরে বাড়তি নিরাপত্তা

আগামী ২১ অক্টোবর শুরু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচটি মাঠে গড়াবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এই সিরিজ শুরুর আগে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছিল দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা প্রতিনিধি দল। তারা আশ্বস্ত হয়েছিলেন বলেই মাঠে গড়াচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আজ বৃহস্পতিবার থেকে সেই সিরিজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সিরিজকে সামনে রেখে মিরপুর স্টেডিয়ামের আশপাশে তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

স্টেডিয়ামে সকাল থেকেই ভিড় ছিল নিরাপত্তা বাহিনীর। যেহেতু আজ দুপুরে দক্ষিণ আফ্রিকার অনুশীলন। ওই অনুশীলনকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এর বাইরে সাকিব আল হাসান ইস্যু তো রয়েছেই। সাকিবের দেশে ফেরা নিয়ে ছাত্র-জনতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। মিরপুরবাসী ব্যানারে ছাত্ররা কোনওভাবেই সাকিবকে মিরপুরের মাটিতে পা রাখতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। গত কিছুদিন ধরে তারা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে আন্দোলন করছেন। স্টেডিয়ামের দেয়ালগুলো সাকিবকে নিয়ে বিভিন্ন প্রতিবাদী ভাষায় ফুটে উঠেছিল।

দুইদিন আগে সাকিব ভক্তরা আবার সেইসব মন্তব্য সাদা রং দিয়ে মুছে ফেলেছেন। তাতে লাভ হয়নি তাতে। সাকিব বিরোধীরা আজ আবার মিরপুরে আসবেন। দুপুরের দিকে বিসিবি সভাপতি বরাবর তাদের স্মারকলিপি দেওয়ার কথা। সেখানে তারা দাবি করবেন সাকিবকে টেস্ট স্কোয়াড থেকে বাদ দিতে। এছাড়া গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পারে সাকিবের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। সবকিছু নিয়ে পরিস্থিতি কিছুটা ঘোলাটে। দেশের বিমানে উঠে সাকিব এই মুহূর্তে দুবাই অবস্থান করছেন। সরকার থেকে সবুজ সংকেত পেলেই তিনি বিকালের ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা দেবেন। রাত ১১টার দিকে তার দেশে ফেরার কথা। 

সব মিলে পরিস্থিতি কিছুটা জটিল বলেই মিরপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই ব্যস্ত ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি মাঠে হাজির ডগ স্কোয়াড নিয়ে। 

প্রসঙ্গত, ৯ বছর পর ঢাকায় এসেছে দক্ষিণ আফ্রিকা। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪ টেস্ট খেললেও কোনও জয় নেই বাংলাদেশের। ১২টিতেই হারতে হয়েছে। এই সফরে দুটি টেস্ট খেলবে তারা। একটি মিরপুরে, অপরটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।