সবার সাকিবের পাশে থাকা উচিত: মিরাজ

খেলার পাশাপাশি রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। যার কারণে বিদায়ী টেস্ট খেলতে তার দেশেই ফেরা হয়নি! অথচ সাকিবকে রেখেই প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। শেষ মুহূর্তে পরিস্থিতি বদলে যাওয়ায় বাদ পড়েন তিনি। সাকিবের ব্যাপারে বৃহস্পতিবার ম্যাচ শেষে মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘সবার উচিত সাকিবের পাশে থাকা।’

সাকিবকে কেন্দ্র করে ঢাকা টেস্ট শুরুর আগে স্টেডিয়াম এলাকায় ছিল উত্তেজনা। সাকিব বিরোধী ও সাকিব ভক্তরা দুই গ্রুপ মারামারিও করেছে। এমন উত্তেজনায় সেনাবাহিনী ও পুলিশকে ভূমিকা নিতে হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাকিবের ভূমিকা নিয়েই মূলত অসন্তোষ ছিল অনেকের। শেষ পর্যন্ত এই অসন্তোষেই সাকিবের আর দেশে ফেরা হয়নি।  

সাকিবের দেশে আসতে না পারা নিয়ে মিরাজ বলেছেন, ‘সাকিব ভাইয়ের ইস্যুটা তো আমরা সবাই জানি। তিনি কেন আসেননি বা খেলতে পারেনি এটা আমার মনে হয় না কারও অজানা। অবশ্যই সাকিব ভাই একজন কিংবদন্তি খেলোয়াড়। তিনি বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছেন। আমরা সবাই এটা জানি। এটা অস্বীকার করতে পারবো না। ’

সতীর্থদের খারাপ সময়টাতে তার পাশে থাকার কথা জানিয়ে মিরাজ বলেছেন, ‘সাকিব ভাই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আমার কাছে মনে হয়, সবার তার পাশে থাকা উচিত।’