আগামী ২৯ অক্টোবর চট্টগ্রামে হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। হার দিয়ে শুরু করা দুই ম্যাচের সিরিজের শেষটির স্কোয়াডে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার সৈয়দ খালেদকে আহমেদকে অন্তর্ভুক্ত করে এই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
১৫ জনের এই দল থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। ঢাকায় প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও একাদশে ছিলেন না তিনি। একমাত্র পেসার হিসেবে খেলেন হাসান মাহমুদ। দ্বিতীয় ম্যাচের আগে তাকে অব্যাহতি দিয়ে নেওয়া হলো খালেদকে।
প্রথম টেস্টে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটে হেরেছে। প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় তারা। দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিকের হাফ সেঞ্চুরিতে ৩০৭ রান করলেও বড় টার্গেট দিতে ব্যর্থ হয়েছে স্বাগতিকরা। কারণ প্রথম ইনিংসেই বড় লিড নিয়ে শক্ত অবস্থানে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। তারা ৩০৮ রান করে। ম্যাচ জিততে তাদের লক্ষ্য ছিল ১০৬ রানের। মাত্র তিন উইকেট হারিয়ে পাঁচ সেশন বাকি থাকতেই ২২ ওভার খেলে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা। ২০১৪ সালের পর প্রথমবার এশিয়াতে লাল বলের ক্রিকেট ম্যাচ জিতেছে তারা।
এক পরিবর্তন ছাড়া ঢাকা টেস্টের স্কোয়াডই থাকছে। আগামী ২৬ অক্টোবর চট্টগ্রামে রওনা হবে বাংলাদেশ দল।
স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।