কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামে চারটি দলের দুটি ম্যাচেই বৃষ্টির প্রভাব ছিল। আউটফিল্ড ভেজা থাকায় দুইদিন পুরো সময় খেলা হয়নি। মূল মাঠে বরিশাল ও রাজশাহী মুখোমুখি হয়েছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে ইফতেখার হোসেন ইফতির প্রথম সেঞ্চুরিতে বরিশাল ২০৫ রান সংগ্রহ করেছে। পাশের একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম ও ঢাকা। এই ম্যাচে সাজ্জাদুল হক রিপনের সেঞ্চুরিতে চট্টগ্রাম ৩৭১ রান করে। জবাবে ঢাকা ৬ ওভারে ২২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে।
কক্সবাজের মূল মাঠে শনিবার বরিশাল ও রাজশাহীর ম্যাচটি সারা দিনে খেলা শুরু করাই সম্ভব হয়নি। রবিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বরিশালের ব্যাটাররা। একমাত্র ইফতি ছাড়া কেউই তেমন রান পাননি। তার ১১৬ রানের ইনিংসের ওপর ভর করে বরিশাল দুইশ পার করে। ২০৫ বলে ১২ চার ও ১ ছক্কায় ইফতি তার ইনিংসটি সাজান। এর বাইরে বরিশালের দুই ব্যাটার সালমান হোসেন (৩০) ও মঈনুল ইসলাম (৩৩) কেবল দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন।
রাজশাহীর বোলারদের মধ্যে ওয়ালিদ সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। দুটি উইকেট নেন লেগ স্পিনার ওয়াইসি সিদ্দিকী।
বেলা ফুরিয়ে যাওয়াতে রাজশাহী মাত্র এক ওভার ব্যাটিং করেছে। অপরাজিত থাকা মিজানুর রহমান ও সাব্বির হোসেন এখনও রানের খাতা খোলেননি।
এদিকে কক্সবাজারে ঢাকার বিপক্ষে দাপট দেখাচ্ছে চট্টগ্রাম। ভেজা আউটফিল্ডের কারণে কক্সবাজার একাডেমি মাঠে প্রথম দুই সেশনে খেলা সম্ভব হয়নি। ঢাকার বিপক্ষে শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে ২৬ ওভারে ১ উইকেটে ১০৭ রান করেছিল চট্টগ্রাম। রবিবার পারভেজ হোসেন (৫৪) ও সাজ্জাদুল (৪৬) অবিচ্ছিন্ন ১০২ রান নিয়ে ইনিংস শুরু করেছিলেন। এদিন জুটিটাকে আরও বড় করেন তারা। পারভেজ ৯৫ রানে আউট হলে দুইজনের ২২১ রানের জুটি ভাঙে।
পারভেজ সেঞ্চুরি বঞ্চিত হলেও সাজ্জাদুল সেঞ্চুরি পেয়েছেন। খেলেছেন ১৩৯ রানের ইনিংস। ১৮৫ বলে ১৪ চার ও ৫ ছক্কায় নিজের ইনিংসটি সাজান চট্টগ্রামের এই ব্যাটার। এরপর শাহাদাত হোসেন দিপুর ৩১ ও শামীম হোসেন পাটোয়ারীর ৩৬ রানের ইনিংসে চড়ে চট্টগ্রাম ৩৭১ রানের সংগ্রহ দাঁড় করায়।
ঢাকার বোলারদের মধ্যে রিপন মন্ডল, আনামুল হক ও শুভাগত হোম দুটি করে উইকেট নিয়েছেন।
চট্টগ্রামকে ৩৭১ রানে থামিয়ে দিয়ে শেষ বিকেলে ব্যাটিংয়ে নামে ঢাকা। ৬ ওভার ব্যাটিং করে কোন উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ২২ রান। সোমবার ৩৪৯ রান পিছিয়ে থেকে ম্যাচের তৃতীয় দিন শুরু করবে তারা। ক্রিজে অপরাজিত আছেন আশিকুর রহমান শিবলি (১৩) ও জয়রাজ শেখ (৯)।