সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে এনামুল হক বিজয় ও অমিত মজুমদারের সেঞ্চুরিতে প্রথম দিনে ৬ উইকেটে ৩৫৮ রান করেছিল খুলনা। রবিবার জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিনে তারা আরও ১৮ রান যোগ করে অলআউট হয়। ৩৭৬ রানের বিপরীতে খেলতে নেমে ফলো অন পড়ে ঢাকা মেট্রো। প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১২ রান তুলে শেষ করেছে মেট্রো।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার প্রথম সেশনের শুরুতেই খুলনাকে অলআউট করে দেয় মেট্রো। এরপর ব্যাটিংয়ে নেমে খুলনার দুই স্পিনার শেখ মেহেদী হাসান ও টিপু সুলতানের ঘূর্ণিতে ২১০ রানেই থেমে যায় তাদের প্রথম ইনিংস। দলের বেশ কয়েকজন ব্যাটার ভালো শুরু করেও ইনিংসটাকে বড় করতে পারেননি। নাঈম শেখ ৫৪ রানের ইনিংস খেলেছেন। এছাড়া আমিনুল ইসলাম বিপ্লব ৪৪, মার্শাল আইয়ুব ৩৭ ও আনিসুল ইসলামের ব্যাট থেকে আসে ৩১ রান।
খুলনার বোলারদের মধ্যে শেখ মেহেদী সর্বোচ্চ ৫টি উইকেট নেন। এছাড়া আব্দুল হালিম তিনটি এবং টিপু সুলতান নেন দুটি উইকেট।
ফলো অনে পড়ে ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংসে উইকেট হারায়নি। ১.৩ ওভার ব্যাটিং করে বিনা উইকেটে ১২ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। ইনিংস হার এড়াতে ১৫৪ রান করতে হবে। ম্যাচের যা পরিস্থিতি, সোমবার তৃতীয় দিনেই খুলনা-ঢাকা মেট্রোর ম্যাচের ফল হয়তো হয়ে যাবে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে খুলনার দুই ওপেনার এনামুল হক বিজয় ও অমিত মজুমদারের জোড়া সেঞ্চুরিতে খুলনা বড় সংগ্রহ দাঁড় করায়। এনামুল ১২৫ এবং অমিত ১৪৫ রানের ইনিংস খেলেন।