ফলো অনে পড়ে মার্শালের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ালো মেট্রো

আগে ব্যাট করতে নেমে খুলনা বিভাগ ৩৭৬ রানের সংগ্রহ দাঁড় করায়।  এরপর টেস্টে প্রথমবার ব্যাট করতে নেমে ফলোঅনে পড়ে ঢাকা মেট্রো। তাদের ইনিংস থেমে যায় ২১০ রানে। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে এবার ঘুরে দাঁড়িয়েছে তারা। মার্শাল আইয়ুবের অপরাজিত সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ২৯৭ রানে তৃতীয় দিন শেষ করেছে ঢাকা মেট্রো। ১৩১ রানে এগিয়ে থেকে মঙ্গলবার চতুর্থ ও শেষ দিন ব্যাটিংয়ে নামবে তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্রো নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে খুলনার দুই স্পিনার টিপু সুলতান ও শেখ মেহেদীর তোপে পড়ে। ২১০ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে তারা। ১.৩ ওভার ব্যাটিং করে বিনা উইকেটে ১২ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ঢাকা মেট্রো। তবে সোমবার সকালে খুব বেশিক্ষণ টিকতে পারেননি তাদের দুই ওপেনার। দলীয় ৪০ রানে ওপেনিং জুটি ভাঙে। নাঈম শেখ ২৬ রানে আউটের পর আনিসুল ইসলামও ২৮ রানে আউট হন। 

এরপর মার্শাল ক্রিজে নামলে স্বস্তি ফেরে ঢাকা মেট্রো শিবিরে। অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও এক প্রান্ত আগলে রেখে তিনি প্রথমে শামসুর রহমান শুভর সঙ্গে ৬৭ এবং আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়ে ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। মার্শাল ২০০ বল খেলে ১৫ চার ও ১ ছয়ে ১৩০ রানে এবং বিপ্লব ৪৮ রানে অপরাজিত আছেন। মার্শাল ও বিপ্লবের জুটিতে ভর করে তৃতীয় দিন শেষে মেট্রোর সংগ্রহ প্রায় তিনশ।

দ্বিতীয় ইনিংসে খুলনার বোলাররা সেভাবে তোপ দাগাতে পারেননি। আল আমিন সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নেন শেখ মেহেদী ও টিপু সুলতান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে দুই ওপেনার এনামুল হক বিজয় ও অমিত মজুমদারের জোড়া সেঞ্চুরিতে খুলনা বড় সংগ্রহ দাঁড় করায়। এনামুল ১২৫ এবং অমিত ১৪৫ রানের ইনিংস খেলেন।