শুধু ‘টস, প্রেজেন্টেশনের জন্য’ নিজেকে অধিনায়ক মনে করেন রিজওয়ান!

পাকিস্তানের ড্রেসিংরুমে দলাদলি, রেষারেষি, অন্তর্দ্বন্দ্ব চলছে, এমন খবর শোনা গেছে সম্প্রতি। তারই প্রভাব নাকি পড়েছে দলের পারফরম্যান্সে। তবে রবিবার ২০০২ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ জিতে পাকিস্তান সেই গুঞ্জনের অবসানই হয়তো ঘটালো। আর নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান জানালেন নেতৃত্ব নিয়ে তার ভিন্ন মানসিকতার কথা।

বাবর আজমের উত্তরসূরি হয়ে প্রথমবার সাদা বলের ক্রিকেটে পাকিস্তানকে নেতৃত্ব দিলেন রিজওয়ান। অস্ট্রেলিয়ায় প্রথম ম্যাচ হারলেও পরের দুটি ম্যাচে অবিশ্বাস্য পারফর্ম করেছে দল, বিশেষ করে বোলিংয়ে। পার্থে রিজওয়ান ও বাবরের জুটিতে ৮ উইকেটে শেষ ওয়ানডে জিতেছে পাকিস্তান।

ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে পাকিস্তান অধিনায়ক বললেন, এটা তার জন্য ছিল বিশেষ মুহূর্ত। গত কয়েক বছরের বাজে পারফরম্যান্সের পর দলের এই সাফল্য দেশের মানুষকে উচ্ছ্বাসে ভাসাবে বলে আশা রিজওয়ানের।

অধিনায়কত্ব নিয়ে রিজওয়ান বললেন, মাঠে সবার পরামর্শ বিবেচনা করে কাজ করেন তিনি। তার কথা, ‘আমার জন্য এটা বিশেষ মুহূর্ত ছিল। আজ দেশের জনগণ খুব খুশি হবে। গত কয়েক বছরে আমরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি। আমি শুধু টস ও প্রেজেন্টেশনের জন্য অধিনায়ক। মাঠে সবাই আমাকে পরামর্শ দেয়, ব্যাটিং গ্রুপ ও বোলিং গ্রুপ।’

সিরিজ জয়ে বোলারদের বিশেষ কৃতিত্ব দিলেন রিজওয়ান। কারণ অস্ট্রেলিয়ায় সফরকারীদের জন্য কন্ডিশন খুব কঠিন। এছাড়া শেষ দুই ম্যাচে রান তাড়ায় জয়ের ভিত গড়ে দেওয়ায় সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিকের প্রশংসা করেছেন তিনি, ‘সব কৃতিত্ব বোলারদের। অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়া সহজ দল নয়, কন্ডিশন তাদের খেলার ধরনের সঙ্গে যায়। কিন্তু বোলাররা ছিল অসাধারণ। দুই ওপেনারকেও কৃতিত্ব দিতে হয়। তারা রান তাড়া সহজ করে দিয়েছে।’