বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই মাঠে নামার সুযোগ পাচ্ছে রংপুর রাইডার্স। গায়ানাতে আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের। তাতে অংশ নেবে ৫ দেশের ৫টি ফ্র্যাঞ্চাইজি। বিপিএলের আগে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়শিপের জন্য লড়বে রংপুর রাইডার্স। এমন লক্ষ্যের কথা জানিয়েছেন দলটির সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল।
গ্লোবাল সুপার লিগে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্সের সঙ্গে অংশ নেবে পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দল। প্রায় ১২ কোটি টাকা প্রাইজমানির এই টুর্নামেন্টের পর্দা নামবে ৭ ডিসেম্বর। টুর্নামেন্টে অংশ নিতে নিজেদের দল গুছিয়ে নিয়েছে রংপুর রাইডার্স। প্রস্তুতিও শুরু করছে দলটি। বিপিএলের সর্বশেষ ড্রাফট থেকে রংপুরে নাম লেখানো মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, সাইফ হাসান, শেখ মেহেদী, কামরুল ইসলাম রাব্বি আছেন স্কোয়াডে।
গ্লোবাল সুপার লিগে সাফল্য পাওয়াকে সহজ মনে করছেন না আশরাফুল। এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘অবশ্যই সহজ হবে না। কঠিন হবে। তারপরও মনে করি যে এটা আমাদের স্থানীয় ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ। গ্লোবাল টি-টোয়েন্টি, এটাতে পুরো বিশ্বের সবাই ফোকাস করবেন যারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করে থাকেন। আমাদের দেশ থেকে প্লেয়ার অতটা সুযোগ পায় না গ্লোবালে যে টুর্নামেন্টগুলো হয়।’
টুর্নামেন্টে নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে আশরাফুল আরও বলেছেন, ‘এটা একটা সুযোগ আমাদের প্লেয়ারদের জন্য। কঠিন হবে। তবু আমার মনে হয় সবার দলগত পারফরম্যান্স যদি ভালো থাকে, ব্যক্তিগত পারফরমান্সও যদি ভালো করে তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো সবার থাকে। তবে প্রথম লক্ষ্য ফাইনাল খেলা।’
বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন হওয়ায় টুর্নামেন্টটিতে খেলার কথা ছিল ফরচুন বরিশালের। কিন্তু তারা আসরে অংশ নিতে অনীহা জানানোয় সুযোগটি পেয়েছে রংপুর। স্থানীয় ক্রিকেটার ছাড়াও বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাঁচ জনের সঙ্গে চুক্তি সেরেছে রংপুর। ক্যারিবিয়ান অলরাউন্ডার ম্যাথু ফোর্ডের সঙ্গে যুক্তরাজ্যের টপঅর্ডার ব্যাটার ওয়েইন ম্যাডসেন ও পেসার জ্যাক চ্যাপেল এবং যুক্তরাষ্ট্রের ব্যাটার স্টিভেন টেইলর ও অলরাউন্ডার হারমিত সিং খেলবেন রংপুরের হয়ে। স্বাভাবিক ভাবেই নিজেদের দল নিয়ে অত্যন্ত আশাবাদী আশরাফুল, ‘রংপুর দল হিসেবে খুবই ভালো। আমরা জানি বিপিএলে এটি দল হিসেবে তিন-চারটি দলের একটি। প্রচুর গোছানো একটা দল। এই দলের অংশ হতে পেরে ভালো লাগছে। আরও তিন দিন আমরা অনুশীলন করবো। তার পর একটি অনুশীলন ম্যাচ খেলবো। ওয়েস্ট ইন্ডিজেও আরও চার দিন অনুশীলন করবো। ভালো পরিবেশে কাজ করতে অবশ্যই ভালো লাগে।’