পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর নিয়ে ভারতের আপত্তি

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা বিরাজ করছে। তার মধ্যে টুর্নামেন্টের ট্রফি ট্যুরকে কেন্দ্র করে ঘটনা নতুন মোড় নিয়েছে।

পাকিস্তান তাদের ট্রফি ট্যুরের অংশ হিসেবে মোজাফফরবাদকে বেছে নিয়েছে। যা আসলে পাকিস্তান নিয়ন্ত্রিক কাশ্মিরের রাজধানী।  আর এই অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের সমস্যা দেশভাগের পর থেকেই। 

জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ট্রফি ট্যুরের তারিখ ও স্থান জানানোর পর দিন শুক্রবার এ নিয়ে নিজেদের আপত্তির কথা আইসিসিকে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।  

ক্রিকইনফো অবশ্য বলেছে, বিসিসিআই লিখিত নাকি মৌখিকভাবে নিজেদের আপত্তির কথা জানিয়েছে- সেটা তারা নিশ্চিত নয়। সেই প্রেক্ষিতে পিসিবির ট্রফি ট্যুরের পরিকল্পনা অনুমোদন কিংবা প্রত্যাখানের ঘটনা এখনও ঘটেনি। তবে ট্রফি ট্যুরের চূড়ান্ত পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।    তবে পিসিবির এমন ঘোষণা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বিস্মিত না হয়ে পারেনি। কারণ, ইভেন্টটা আইসিসির। আর এই ধরনের পরিকল্পনার কথা আইসিসি নিজেদের চ্যানেলের মাধ্যমেই জানিয়ে থাকে। 

পিসিবির পোস্ট অনুযায়ী ট্রফি ট্যুর শুরু হওয়ার কথা ১৬ নভেম্বর। কিন্তু বিসিসিআইয়ের আপত্তির মুখে এটা এখন নিশ্চিত নয় যে, পরিকল্পনা অনুযায়ী সেটা হবে কিনা।