আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আগামী ২৭ নভেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ শেষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে বাংলাদেশের মেয়েরা হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে চাইছেন। অনুশীলনে দলের লেগ স্পিনার ফাহিমা খাতুন সংবাদ মাধ্যমকে তেমনটাই জানিয়েছেন।
মিরপুর উইকেটে বৈচিত্রের শেষ নেই। এমন উইকেটে তাই স্বাগতিক বাংলাদেশকে কখনো কখনো নাস্তানাবুদ হতে হয়। কিছুটা স্লো এবং লো উইকেটে ব্যাটারদের রীতিমতো লড়াই করতে হয়। তার পরেও হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ফাহিমা, ‘আসলে দেখুন, আমাদের এশিয়া মহাদেশের দলগুলো এবং আপনারাও জানেন আমাদের পিচ কন্ডিশন নিয়ে। এখন এফটিপির যে খেলাগুলো খেলছি, আমি মনে করি স্পোর্টিং উইকেটে খুব কম খেলি। সেক্ষেত্রে আমাদের সেদিকে (স্পোর্টিং উইকেট) গুরুত্ব দেওয়া হচ্ছে। বোর্ড থেকেও হয়তোবা সে ধরনের পিচে খেলে আমাদের মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। এ কারণে হয়তো একটু দূরত্ব তৈরি হয়। আমি মনে করি হোম কন্ডিশনের যে সুবিধা পাবো, সেটা সঠিকভাবে কাজে লাগাতে পারি।’
শেন ওয়ার্ন-রশিদ খানদের মতো চ্যাম্পিয়ন লেগস্পিনারদের বিশ্বজুড়ে তৈরি হয়েছে অসংখ্য ফ্যানবেজ। বাংলাদেশ নারী ক্রিকেট দলের লেগস্পিনার ফাহিমা খাতুনের মুখে আজ শোনা গেছে তারকা লেগিদের নাম, ‘প্রথম থেকেই আমি ব্যক্তিগতভাবে রশিদ খান ও শেন ওয়ার্নের খুব বেশি ভক্ত। আমাদের যে লেগস্পিন গ্রুপ আছে, এখানকার যে কন্ডিশন, সেক্ষেত্রে আমার চাওয়া লেগস্পিন গ্রুপটা সামনে নেতৃত্ব দেবে।’