আইরিশদের হোয়াইটওয়াশ করে মাইলফলক ছুঁতে চান জ্যোতি

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ দল। টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে লাল-সবুজ জার্সিধারীরা। এবার বাংলাদেশের সামনে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার হাতছানি। আগামী ২ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচটি জিতে আইরিশদের হোয়াইটওয়াশ করতে চান নিগার সুলতানা জ্যোতিরা।

এর আগে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বেশ কয়েকটি খেলেছে। কেবল জিম্বাবুয়েকেই তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করতে পেরেছে তারা। এবার আরও একটি হোয়াইটওয়াশ করার হাতছানি বাংলাদেশের সামনে। 

শেষ ওয়ানডে নিয়ে অধিনায়ক জ্যোতি বলেছেন, ‘আমাদের মাথায় আপাতত ২ পয়েন্ট। এর সঙ্গে হচ্ছে, আমরা তাদের হোয়াইটওয়াশ করতে পারিনি। কখনও কোনো দলকে করতে পারিনি। এটা আমাদের দলের জন্য একটা মাইলফলক হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হবে, দল হিসেবে খেলা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা এবং যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা যদি করতে পারে, তাহলে দিনটা আমাদের হবে।’

এদিকে, কঠিন সমীকরণ মাথায় নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ দল। আগামী বছর ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলতে হলে আয়ারল্যান্ডের বিপক্ষে সবগুলো ম্যাচতো বটেই, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও বাকি তিন ম্যাচ জয়ের বিকল্প নেই বাংলাদেশের। স্বাভাবিক ভাবেই দুই ম্যাচে পুরো চার পয়েন্ট নিয়ে দারুণ খুশি তারা। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে পাওয়া দুই পয়েন্ট নিয়ে জ্যোতি বলেছেন, ‘২ পয়েন্ট পাওয়া... সিরিজ জয় অবশ্যই দলের জন্য অনেক ভালো। একটা মোমেন্টাম তৈরি করা। পয়েন্টটাই আমাদের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ। আরও ২টা পয়েন্ট পেলাম। এজন্য আরও বেশি খুশি।’