বাংলাদেশের বিপক্ষে জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনই ইতিহাস তৈরি করেছেন ক্যারিবিয়ান পেসার জেইডেন সিলস। যা ছিল কৃপণ বোলিংয়ের। বাংলাদেশকে ১৬৪ রানে প্রথম ইনিংসে বেঁধে ফেলতে তার বোলিং ফিগার ছিল ১৫.৫ ওভারে ১০ মেডেনে মাত্র ৫ রান! টেস্ট ক্রিকেটে এক ইনিংসে অন্তত ১০ ওভার বোলিং করা বোলারদের মধ্যে ১৯৭৮ সাল থেকে এটাই সবচেয়ে কৃপণ বোলিংয়ের নজির।
অবশ্য এক ইনিংসে অন্তত ৯০ ডেলিভারি করেছেন এমন পেসারদের মধ্যে টেস্টে এমন কীর্তি একমাত্র সিলসেরই। রেকর্ড ব্রেকিং স্পেলে ওভার প্রতি রান দিয়েছেন ০.৩১।
এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন ভারতের পেসার উমেশ যাদব। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার বোলিং ফিগার ছিল ২১-১৬-৯-৩। ওভার প্রতি রান খরচ করেছেন ০.৪২।
তবে টেস্ট ইতিহাসের সবচেয়ে কৃপণ বোলিংয়ের ইতিহাসে আছেন আরেক ভারতীয়। তিনি বামহাতি স্পিনার বানু নাদকার্নি। ১৯৬৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে তার বোলিং ফিগার ছিল ৩২-২৭-৫-০। কোনও উইকেট না পেলেও মেডেন দিয়েছিলেন ২৭টি। রান খরচ করেছেন ৫টি।
গতকাল পুরো সিলস ছিলেন আনপ্লেয়েবল। তার দুর্দান্ত বোলিংয়েই চাপে ছিল সফরকারীরা। সিলসের ৪ উইকেট ছাড়াও ৪৯ রানে তিনটি নিয়েছেন শামার জোসেফ। দুটি নিয়েছেন কেমার রোচ। একটি নিয়েছেন আলজারি জোসেফ।