বাংলাদেশের কাছে দ্বিতীয় টেস্ট চলাকালে আইসিসির আচরণবিধি লংঘন করার শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জেইডেন সিলস ও কেভিন সিনক্লেয়ার। বুধবার তাদেরকে জরিমানা করা হয়েছে।
ফাস্ট বোলার সিলসকে তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একটি উইকেট নেওয়ার পর বাংলাদেশ দলের প্রতি ‘আক্রমণাত্মক অঙ্গভঙ্গি’ করার শাস্তি পেলেন তিনি। এছাড়া একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তার নামের পাশে।
অলরাউন্ডার সিনক্লেয়ার একাদশে ছিলেন না। কিন্তু বদলি ফিল্ডার হিসেবে নেমে স্লেজিং করায় ১৫ শতাংশ ম্যাচ ফি গুনতে হচ্ছে।
আইসিসি বলছে, আম্পায়ার সতর্ক করলেও কর্ণপাত করেননি সিনক্লেয়ার। বাংলাদেশের খেলোয়াড়দেরকে নিয়ে ‘আক্রমণাত্মক ভাষার ব্যবহার’ চালিয়ে গেছেন।
সিলস জ্যামাইকায় বাংলাদেশের প্রথম ইনিংসে ১৫.৫ ওভারে মাত্র ৫ রান দিয়ে চার উইকেট নেন। কিন্তু সফরকারীরা ১০১ রানে জিতে সিরিজ ১-১ এ ভাগাভাগি করেছে।