৩৭ ছক্কায় দলীয় সর্বোচ্চ ইনিংসের বিশ্বরেকর্ড এখন বারোদার  

অক্টোবরেই টি-টোয়েন্টির দলীয় সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েছিল জিম্বাবুয়ে। সেই রেকর্ড টিকলো না বেশি দিন। এবার তাদের পেছনে ফেলে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে ভারতের ঘরোয়া ক্রিকেটের দল বারোদা। রেকর্ডটি হয়েছে ভারতের ঘরোয়া ক্রিকেটের টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। 

ছক্কা বৃষ্টিতে ৫ উইকেটে রেকর্ড ৩৪৯ রান সংগ্রহ করেছে বারোদা। যা এই ফর‌ম্যাটে এখন সর্বোচ্চ দলীয় ইনিংস। টুর্নামেন্টের আগের সর্বোচ্চ রানটি ছিল পাঞ্জাবের ২৭৫। গত মৌসুমেই এই রান তারা করেছিল।  আর গত অক্টোবরে ৩৪৪ রান তুলে রেকর্ড সর্বোচ্চ ইনিংস খেলেছিল জিম্বাবুয়ে। প্রতিপক্ষ ছিল গাম্বিয়া।  

বারোদা অধিনায়ক ভানু পানিয়াই ছিলেন বিস্ফোরক ব্যাটিংয়ের মূল কারিগর। ৫১ বলে ৫ চার ও ১৫ ছক্কায় ১৩৪ রানে অপরাজিত থাকেন তিনি! তাছাড়া ১৭ বলে ৫৫ রান করেছেন শিভালিক শর্মা। বিষ্ণু সোলানকির ব্যাট থেকেও আসে ১৬ বলে ৫০ রানের ইনিংস। পুরো ইনিংসে ৩৭ ছক্কা হাঁকায় তারা। এটাও রেকর্ড ছক্কার নজির। আগেরটি ছিল গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের ২৭ ছক্কা।