পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে প্রথম দিন এককভাবে দাপট দেখাতে দেয়নি শ্রীলঙ্কা। প্রোটিয়ারা প্রথম ইনিংসে ২৬৯ রান তুললেও তাদের ৭ উইকেট তুলে নিয়েছে লঙ্কান বোলাররা। তেম্বা বাভুমা সেঞ্চুরি মিস করেছেন। তবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন রায়ান রিকেলটন। তার এই সেঞ্চুরিতে ছিলো ভাগ্যের ছোঁয়া!
বৃহস্পতিবার টস জিতে ব্যাটিং নেমে স্বাগতিক ব্যাটাররা আসিথা ফার্নান্দো এবং লাহিরু কুমারার বোলিং তোপের মুখে পড়ে। ৪৪ রানে ৩ উইকেট হারানোর পর বাভুমা ও রিকেলটন মিলে চতুর্থ উইকেটে যোগ করেন ১৩৩ রান। আগের টেস্টের সেঞ্চুরিয়ান বাভুমা ৭৮ রানে আউট হলেও সেঞ্চুরি ছুঁয়েছেন রিকেলটন। যদিও তার সেঞ্চুরি পাওয়া ছিল বেশ নাটকীয় ব্যাপার। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ছোঁয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ৯৮ রানে বিশ্ব ফার্নান্দোর ওভারে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। আম্পায়ার আউট দিতেই রিকেলটন রিভিউ নেন। আর তাতেই বেঁচে যান। পেয়ে যান ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। প্রোটিয়া এই দুই ব্যাটারের ব্যাটেই দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ২৬৯ রান।
লঙ্কানদের হয়ে দিনের সফল বোলার লাহিরু কুমারা। তিনি ৫৪ রানে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া আসিথা ফার্নান্দো নেন দুটি উইকেট।