ভারতের বিপক্ষে আগুনে বোলিংয়ে অ্যাডিলেডে গোলাপি বলের দিবা-রাত্রির টেস্ট ১০ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। তাতে পাঁচ ম্যাচের ব্লক ব্লাস্টার টেস্ট সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে অজি দল।
দ্বিতীয় টেস্টে ইনিংস হার এড়াতে পারলেও পরাজয় এড়াতে পারেনি রোহিত শর্মার দল। সফরকারীরা ৫ উইকেটে ১২৮ রান নিয়ে দিন শুরু করেছিল। আগের দিনই এই টেস্টের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। তবে ইনিংস হার এড়াতে প্রয়োজন ছিল ২৯ রান। সেই রান এনে দিতে ভূমিকা রাখেন নীতিশ কুমার। কিন্তু বেশি দূর যেতে পারেনি সফরকারী দল। তার সর্বোচ্চ ৪২ রানের সুবাদে ভারতের দ্বিতীয় ইনিংস থামে ১৭৫ রানে। অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৯ রানের। সেই লক্ষ্য ওপেনার উসমান খাজা ও নাথান ম্যাকসুয়েনি ৩.২ ওভারেই তুলে ফেলেন।
অস্ট্রেলিয়ার হয়ে ৫৭ রানে ৫ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন প্যাট কামিন্স। ৫১ রানে তিনটি নেন স্কট বোল্যান্ড। ৬০ রানে দুটি নিয়েছেন মিচেল স্টার্ক।
অস্ট্রেলিয়ার দুর্গ অ্যাডিলেডে দুই দিন আর এক সেশনেই হার মেনেছে ভারত। যা তাদের মনে করিয়ে দিয়েছে ২০২০ সালের পুরোনো স্মৃতি। সেবারও তারা তিন দিনেই পরাস্ত হয়েছিল। অলআউট হয়েছিল টেস্টে নিজেদের সর্বনিম্ন ৩৬ রানে!
দিবা-রাত্রির টেস্টের কথা এলে সেখানে অস্ট্রেলিয়ারই আধিপত্য। ১৩ ম্যাচের ১২টিতেই জিতেছে তারা। তার মধ্যে অ্যাডিলেডেই আছে শতভাগ জয়ের রেকর্ড। এই মাঠে টেস্ট জিতেছে ৮টিতেই।
সংক্ষিপ্ত স্কোর: ভারত ১৮০ ও ১৭৫
অস্ট্রেলিয়া ৩৩৭ ও ১৯/০
ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: ট্রাভিস হেড।