বোলারদের জন্য কঠিন দিন ছিল: মিরাজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ব্যাট হাতে মুগ্ধতা ছড়ালো। ব্যাটারদের নিয়ে দুর্ভাবনা কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে। কিন্তু এতদিনের প্রশংসনীয় বোলিং বিভাগ হতাশ করলো। ২৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর করেও বোলারদের নির্বিষ বোলিংয়ে হার মানতে হলো বাংলাদেশকে। ১৪ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচটি জেতে ওয়েস্ট ইন্ডিজ।

তানজিদ হাসান তামিম ও মাহমুদউল্লাহর সঙ্গে ফিফটির দেখা পান মেহেদী হাসান মিরাজ। জাকের আলী শেষ দিকে ঝড় তোলেন। নিজেদের স্কোর নিয়ে অধিনায়ক মিরাজ বলেছেন, ‘হ্যাঁ, (সর্বমোট সংগ্রহ) আমরা সন্তুষ্ট। এই ধরনের পিচে ২৯৪ রান খুব ভালো স্কোর। কৃতিত্ব তাদের, বিশেষ করে হোপ ও রাদারফোর্ড। এই উইকেটে তারা ভালো জুটি গড়েছে। আমাদের বোলারদের জন্য কঠিন দিন ছিল।’

হারের কারণ নিয়ে তিনি বললেন, ‘আমাদের শুরুটা সত্যি ভালো ছিল, বিশেষ করে নাহিদ, তাসকিন ও তানজিম ভালো বল করেছে। কিন্তু মাঝের ওভারগুলোতে আমরা ভালো বল করিনি, উইকেটও পাইনি। এমনটা হতেই পারে। উইকেট ভালোই ছিল, তারা ভালো খেলেছে।’

তিন ম্যাচ সিরিজে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিলেন রবিবার ৭৪ রান করা ব্যাটার, ‘আমরা অনেক কিছু শিখবো। আমরা কিছু ভুল করেছি। পরের ম্যাচগুলোতে কীভবে আরও ভালো করা যায়, সেদিকে মনোযোগ থাকবে। এখনও দুই ম্যাচ বাকি আছে, আমি মনে করি আমাদের ভালো সুযোগ আছে।’