৭মাস পর মাঠে ফিরে ক্রমাগত রানের দেখা পাচ্ছেন তামিম ইকবাল। এনসিএল টি-টোয়েন্টিতে এবার ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিলেন। দুর্ভাগ্য ৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন বামহাতি ওপেনার। চট্টগ্রাম বিভাগের হয়ে এদিন বরিশালের বিপক্ষে আউট হয়েছেন ৯১ রানে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫৪ বলে ৭ চার ও ৬ ছক্কায় আলো ঝলমলে ইনিংসটি খেলেছেন তিনি। চলমান আসরে এটি তার দ্বিতীয় ফিফটি।
টস জিতে ব্যাট করতে নেমে ধীরে সুস্থে খেলেছেন তামিম। ক্যারিয়ারের ৫১তম ও আসরের দ্বিতীয় ফিফটি পেতে খেলেছেন ৩৭ বল। তার পরই চড়াও হতে শুরু করেন তিনি। ১৭ বলে তুলে নেন বাকি ৪১! তার ব্যাটে ভর করে চট্টগ্রাম ৭ উইকেটে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে। দলের পক্ষ থেকে সেভাবে ভূমিকা রাখতে পারেননি। শুধু কি তাই? তার ব্যাট যেভাবে রান পাচ্ছে, তাতে চলতি আসরের সর্বোচ্চ স্কোরারও এখন তিনি। চার ম্যাচে ৬৩.৩৩ গড়ে সংগ্রহ করেছেন ১৯০ রান।