সিরিজ নিশ্চিত হলেও তৃতীয় টেস্টে বড় হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড। ৬৫৮ রানের বিশাল লক্ষ্যের বিপরীতে ১৮ রান তুলতেই ২ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছে সফরকারীরা।
হ্যামিল্টনে আড়াই ঘণ্টার বৃষ্টি বিরতির পর শুরু হয় দিনের খেলা। ৫০ রানে মাঠে নামা কেন উইলিয়ামসন শেষ পর্যন্ত ১৫৬ রানে থেমেছেন। রাচিন রীবন্দ্রর সঙ্গে মিলে যোগ করেছেন ১০৭ রান। রাচিন ৪৪ রানে ফিরেছেন। তার পর ড্যারিল মিচেলের সঙ্গে ৯২ রান যোগ করেছেন উইলিয়ামসন। মিচেল নিজেও ফেরার আগে ৬০ রান করেছেন। শেষ পর্যন্ত ৪৫৩ রানে থেমেছে কিউইদের দ্বিতীয় ইনিংস। তাতে ইংল্যান্ডের সামনে দাঁড়ায় ৬৫৮ রানের অসম্ভব লক্ষ্য। যে লক্ষ্য টপকাতে বিশ্বরেকর্ড গড়তে হবে তাদের।
তার পর ৬ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে শুরুতেই কিউইদের বোলিং তোপের মুখে পড়েছে ইংল্যান্ড। দুই ওপেনার বেন ডাকেট (৪) ও জ্যাক ক্রলিকে (৫) বিদায় দিয়েছেন ম্যাট হেনরি ও বিদায়ী টেস্ট খেলতে নামা টিম সাউদি। ব্যাট করছেন জ্যাকব বেথেল (৯) ও জো রুট (০)। তবে চতুর্থ দিনের আগে সফরকারীদের শিবিরে বড় দুশ্চিন্তা হয়ে এসেছে অধিনায়ক বেন স্টোকসের ইনজুরি। পুরোনো হ্যামস্ট্রিংয়ের ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন তিনি।