হারারের বৃষ্টি সম্ভবত জিম্বাবুয়ের মান বাঁচালো, আর আফসোসে ভাসালো আফগানিস্তানকে! মঙ্গলবার প্রথম ওয়ানডেতে লাগাতার বৃষ্টির কারণে চার ঘণ্টা পর শুরু হয়েছিল খেলা। ম্যাচ কমানো হয় ২৮ ওভারে। কিন্তু দশ ওভারও শেষ করা গেলো না, ৯.২ ওভার খেলে পরিত্যক্ত হলো ম্যাচ।
মেঘ-বৃষ্টির লুকোচুরিতে খেলা শুরু হলে টস জিতে বোলিং নেয় আফগানিস্তান। ব্যাটিংয়ে নেমে প্রথম তিন ওভারে মাত্র ১০ রান তোলে স্বাগতিকরা। পরের ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের জোড়া আঘাত। আফগান পেসার দলের অষ্টম ওভারে আবার দুই উইকেট তুলে নেন। তাতে ৪১ রানেই পাঁচ ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল জিম্বাবুয়ে।
সাত নম্বরে নেমে সিকান্দার রাজাও নিজেকে মেলে ধরতে পারেননি। দশম ওভারের দ্বিতীয় বলে ফের বৃষ্টি নামলে প্রায় পৌনে এক ঘণ্টা পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। তখন জিম্বাবুয়েল স্কোর ৫ উইকেটে ৪৪ রান।
৪.২ ওভার বোলিং করে আজমতউল্লাহ ১৮ রান খরচায় নেন ৪ উইকেট।
আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।