অস্ট্রেলিয়া-ভারতের বক্সিং ডে টেস্টের প্রথম দিন আলো ছড়িয়েছেন অজি ওপেনার স্যাম কনস্টাস। সর্বকনিষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেনার হিসেবে অভিষিক্ত হয়েছেন। ১৯ বছর বয়সী এই ওপেনার নিজের অভিষেক স্মরণীয় করে রাখলেও তাকে গড়ে তোলার পেছনে ভূমিকা রেখেছেন এক বাংলাদেশি কোচ! তার নাম তাহমিদ ইসলাম।
তাহমিদের বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে। ২০১৭ সালে ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে খেলেছেন তিনি। তার পর খেলোয়াড়ি জীবন শেষে বেছে নেন কোচিং ক্যারিয়ার। কনস্টাসের ওপর তাহমিদের প্রভাবের কথা বিবেচনা করে এরই মধ্যে তাকে অস্ট্রেলিয়ার টিম সেটআপে নিয়েছেন অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
১৯ বছরে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ওপেনার হিসেবে নাম লিখিয়ে শুরুর দিনই নজর কেড়েছেন তাহমিদের শিষ্য কনস্টাস। ৬৫ বলে খেলেছেন ৬০ রানের আগ্রাসী একটি ইনিংস। এর মধ্যে বাউন্ডারি ছিল ৬টি। ছয় ছিল ২টি। এই ইনিংস খেলতে গিয়ে ওপেনিং জুটিতেই উসমান খাজার সঙ্গে যোগ করেছেন ৮৯ রান! মেলবোর্ন টেস্টে তার অভিষেকের আগে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম দ্য এজ-কে কোচ তাহমিদ বলেছেন, ‘ওর (কনস্টাসের) উন্নতিতে আমার সত্যি আনন্দ হচ্ছে। হয়তো ঘটনাটা খুব দ্রুত হয়ে গেছে। যেটা সে অনুমান করেনি। কিন্তু আমার মনে হয় সে প্রস্তুত।’