গত কয়েক মাসে পাকিস্তানের ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলছেন সাইম আইয়ুব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-০ তে ওয়ানডে সিরিজ জয়ে সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। কেপটাউনে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে এই ব্যাটার পেলেন গোড়ালির চোট। তাকে মাঠের বাইরে নিতে হয়েছে স্ট্রেচারে করে। হাসপাতালেও যেতে হয়েছে।
সাইমের ইনজুরির অবস্থা কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট হয়নি। আপাতত হাসপাতালে তার চিকিৎসা চলছে।
ঘটনা ইনিংসের সপ্তম ওভারের। রায়ান রিকেলটন স্লিপে বল ছুটান। আমির জামালের সঙ্গে বল ধরতে ডিপ থার্ডে ছুটতে থাকেন সাইম। জামাল আগে বল ধরে তাকে ছুড়ে দেন। কিন্তু বল হাতে নেওয়ার আগে ভারসাম্য হারালে গোড়ালি মচকে যায়। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান এই ওপেনিং ব্যাটার। তারপর ডানপায়ের নিচের দিকে ধরে রেখে যন্ত্রণায় কাতরাতে থাকেন।
পা তুলতেই পারছিলেন না সাইম। বাউন্ডারি লাইনে বেশ কিছুক্ষণ ধরে চিকিৎসা চলার পর তাকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয়।
সাইমকে হারানোর ধাক্কা শুরুতেই লাগে। তার বদলি নামা আব্দুল্লাহ শফিক কাভারে ছেড়ে দেন এইডেন মার্করামের ক্যাচ। অবশ্য পাকিস্তানকে বড় মাশুল দিতে হয়নি। দুই ওভার পর খুররাম শাহজাদের কাছে উইকেট হারান প্রোটিয়া ব্যাটার।
সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্স করছেন সাইম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরি করেন তিনি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বড় প্রত্যাশা তাকে ঘিরে। এখন তাদের চাওয়া, চোট যেন সাইমের বড় ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়।