চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি সাকিব খেলবেন?

গত বছর ভারত সফরে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। ওই দিন সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকায় খেলে টেস্ট থেকেও অবসর নিতে চান। বাকি থাকা ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নেবেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর সাকিব নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি। দেশে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে পারেননি। দেশের বাইরে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজও ছিলেন না তিনি। সবমিলিয়ে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার থমকেই গিয়েছে। অনেকেই তার ক্যারিয়ার শেষ দেখে ফেলেছেন! তবে শুক্রবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিবের ব্যাপারে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তান ও আরব আমিরাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁহাতি অলরাউন্ডারকে খেলানোর ব্যাপারে আশাবাদী তিনি। 

প্রেসবক্সে গণমাধ্যমের সঙ্গে সাকিব ইস্যুতে কথা বলেছেন ফারুক, ‘আমার মনে হয় এটা তো একদিকে সাকিব এখনও তো অবসর নেয়নি। তেমন কোনও কিছু হয়নি সাকিবের। চেষ্টা না, এটা হলো গিয়ে সাকিব এখনও যদি অবসর নিয়ে নিতো... তাহলে বলতাম ও আর নাই। ওর যে ইস্যুগুলো আছে, মাঝে মাঝে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে কীভাবে ওটা কী করা যায়। আমার সাহায্য করা কোনও ব্যাপার না। এটা আমি আগেও বলছি, এখনও বলছি। এটা শুধুমাত্র সরকারি পর্যায় থেকে যদি কোনও নির্দেশনা আসে, ওর যে সমস্যাগুলো আছে; ওগুলো যদি ঠিক করতে পারে। তাহলেই কিন্তু আমার মনে হয় এটা একটা ব্যাপার ডিসিশন নিতে পারে। তারপর তার ফিটনেস, মেন্টাল স্টেট, সিলেকশন কমিটি আছে তারা সিদ্ধান্ত নেবে।’

সাকিবের ব্যাপারে মন্ত্রণালয়ের সঙ্গে বসবেন বলে জানালেন ফারুক, ‘সাকিবের ব্যাপারটা আমি বলেছি, আসলে এটা আমি মন্ত্রণালয়ের নির্দেশে আমি বলেছিলাম। মন্ত্রণালয় যখন বলেছে আমরাই এখানে অ্যানাউন্স করেছিলাম। আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছেন, তিনি বলছেন সাকিব খেলবে, সরকার তার যে সমস্যা সেটা দেখবে। তারপর শেষে যখন আসলো যে আমরা এটা একটা সিকিউরিটি থ্রেট আছে, তখন বন্ধ হয়ে যায়। চ্যাম্পিয়ন্স ট্রফি তো দেশের বাইরে... এটা বিপিএলের মাঝে সিলেক্টরদের সঙ্গে বসেই একটা সিদ্ধান্ত নিতে হবে।’