রহমতের সেঞ্চুরি, ইসমতের ফিফটিতে রাঙানো আফগানিস্তানের দিন

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নিয়ে আফগানিস্তানের কপালে পড়া দুশ্চিন্তার ভাঁজ দূর করে দিলেন রহমত শাহ ও ইসমত আলম। একশ রানের আগেই দলের অর্ধেক ব্যাটার প্যাভিলিয়নে ফেরার পর দুজনের দৃঢ়চেতা ব্যাটিংয়ে বুলাওয়ে টেস্টে ঘুরে দাঁড়ালো আফগানরা। জিম্বাবুয়ের বিপক্ষে ২০৫ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। ৭ উইকেটে ২৯১ রান তাদের।

৩ উইকেটে ৪৬ রানে শনিবারের খেলা শুরু করেছিল আফগানিস্তান। রিচার্ড এনগারাভা তাদের স্কোর ৬৯ রান হতেই আরও দুটি উইকেট তুলে নেন। 

তারপর শহীদুল্লাহকে নিয়ে প্রতিরোধ গড়েন ১৮ রানে দিন শুরু করা রহমত। ২২ রানে ব্লেসিং মুজারাবানির শিকার হওয়ার আগে ৬৯ রানের জুটি গড়েন শহীদুল্লাহ।

বাকি সময়টা রাঙান রহমত ও ইসমত। সপ্তম উইকেটে দুজনে ১৩২ রানের দারুণ এক জুটিতে তৃতীয় সেশন পুরোপুরি আফগানদের নিয়ন্ত্রণে রাখেন। ১৩৯ রান করে রহমত মুজারাবানির শিকার হন। ২৭৫ বলের ইনিংসে ছিল ১৪ চার।

ইসমত অভিষেক টেস্টে ফিফটি হাঁকিয়ে অপরাজিত আছেন ৬৪ রানে। ১২২ বলের ইনিংসে চারটি চার ছিল। রশিদ খানের সঙ্গে তার জুটি ২৩ রানের।

মুজারাবানি সর্বোচ্চ চার উইকেট নেন। দুটি পান এনগারাভা।