ফলো অনে পড়ার পর মাসুদ-বাবরের ব্যাটে পাকিস্তানের লড়াই

কেপটাউন টেস্টে অবশেষে পায়ের নিচে মাটি খুঁজে পেয়েছে পাকিস্তান। ফ্ল্যাট ট্র্যাকে শান মাসুদ ও বাবর আজমের দৃঢ় প্রতিরোধে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রানের ওপেনিং জুটি গড়েছিল তারা। 

৯ ইনিংসে প্রথমবার মাসুদ ত্রিশ ছাড়িয়ে করেছেন ষষ্ঠ টেস্ট শতক। দক্ষিণ আফ্রিকায় প্রথম পাকিস্তানি অধিনায়ক হিসেবে তিন অঙ্কের ঘরে তিনি। ইনজুরি আক্রান্ত সাইম আইয়ুবের জায়গায় ওপেনিংয়ে নেমে বাবর করেছেন ৮১ রান। প্রথম ইনিংসে ৪২১ রানে পিছিয়ে থেকে ফলো অনে পড়া পাকিস্তান এই দুজনের ব্যাটে ব্যবধান কমিয়ে এনেছে ২০৮ রানে, হাতে ৯ উইকেট।

৩ উইকেটে ৬৪ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। দলীয় ২০ রানে জুটি বাঁধা বাবর ও মোহাম্মদ রিজওয়ান থামেন ৯৮ রান যোগ করে। 

বাবর ৫৮ রান করে মাফাকার শিকার হন। তারপর রিজওয়ানও (৪৬) ফিরে গেলে আর দাঁড়াতে পারেনি পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় সেশনের মধ্যভাগে ১৯৪ রানে অলআউট হয় তারা।

চারশরও বেশি রানে এগিয়ে থাকায় দক্ষিণ আফ্রিকা পাকিস্তানকে আবারও ব্যাট করতে পাঠায়। দ্রুত উইকেট তুলে নিয়ে তাড়াতাড়ি জয় নিশ্চিতের লক্ষ্য ছিল তাদের।

কিন্তু বাবর ও মাসুদের সামনে সুবিধা করতে পারেননি দক্ষিণ আফ্রিকার পাঁচ ফ্রন্টলইন বোলার। এই ইনিংসে তাদের একমাত্র সাফল্য বাবরের উইকেট। ১২৪ বলে ৮১ রান করে মার্কো ইয়ানসেনের বলে জুড বেডিংহ্যামের ক্যাচ হন।

নাইটওয়াচম্যান খুররাম শেহজাদকে নিয়ে দিন শেষ করেন মাসুদ। ১৬৬ বলে ১০২ রানে অপরাজিত তিনি। পাকিস্তানের স্কোর ১ উইকেটে ২১৩ রান।