ক্যারিয়ারজুড়ে সাব্বির রহমানের সঙ্গী বিতর্ক। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তার ছায়া হয়ে থাকে। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ভিন্ন কিছু ঘটেনি।
গত মৌসুমে অবিক্রিত ছিলেন সাব্বির। এবার ড্রাফটেই তাকে কিনে নিয়েছে ঢালিউড কিং ও ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান। তবে প্রথম ম্যাচেই তাকে বাইরে থাকতে হয়েছে।
ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন জানান, শৃঙ্খলাভঙ্গের কারণে ম্যাচগুলোতে ছিলেন না সাব্বির। দলের অনুশীলনে যাননি বলেই এমন সিদ্ধান্ত নেন সাবেক অলরাউন্ডার।
তবে সাব্বির মনে করেন, ভুল বোঝাবুঝি হয়েছে। তাছাড়া দলের এমন খবর গণমাধ্যমে প্রকাশ করাতেও চটেছেন এই ব্যাটার।
শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নিয়ে সাব্বির বলেন, ‘ছোট থেকেই তো মানিয়ে নিচ্ছি সবকিছু। যেটা কোচের সঙ্গে কথা হয়েছিল, পারিবারিক সমস্যা ছিল। হয়তো তিনি বোঝেননি। কিন্তু আমার কাছে মনে হয়েছে ভেতরের কথাগুলো গণমাধ্যমকে না বলাই ভালো।’
পুরো ক্যারিয়ার জুড়েই নানা বিতর্কের কেন্দ্রবিন্দু ছিলেন সাব্বির। মাঠে ও মাঠের বাইরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগগুলো তো ছিলই। তবে সেগুলো থেকে বেরিয়ে এসে নিজেকে সংশোধনের চেষ্টা করছেন।
কিন্তু আশেপাশের কিছু মানুষ তাকে ভালো হতে দিচ্ছে না দাবি সাব্বিরের, ‘যেহেতু সাব্বির রহমান, কিছু হলেই শৃঙ্খলার কথা চলে আসে। আমি চেষ্টা করছি ঠিক করার জন্য। কিন্তু আশেপাশের কিছু মানুষ হয়তোবা ভালো হতে দিচ্ছে না। পুশ করছে আমাকে। সত্যি বলতে এটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত না। আমার কাজ হচ্ছে খেলা, পারফর্ম করা সেটাই করছি ইনশাআল্লাহ।’
সিলেট পর্বে একাদশে সুযোগ পেয়ে নিজেকে ফিরে পেয়েছেন সাব্বির। গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ৩৩ বলে অপরাজিত ৮২ রান করেন। যেখানে ৩টি চার ও ৯টি ছক্কা হাঁকিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। যদিও তার দল হেরে গেছে।