পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হল অব ফেমে জায়গা হলো চার কিংবদন্তি ইনজামাম উল হক, মিসবাহ উল হক, মুশতাক মোহাম্মদ ও সাঈদ আনোয়ারের। ২০২১ সালে পিসিবিতে চালু হওয়া হল অব ফেমে আরও ১০ জনের সঙ্গে যোগ দিলেন তারা।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি এই চার ক্রিকেট লিজেন্ডকে অভিনন্দন জানাই, পিসিবি হল অব ফেমে তারা এই জায়গা পাওয়ার দাবিদার।’
তিনি আরও বলেছেন, ‘এই সম্মান পাকিস্তান ক্রিকেট ও বৈশ্বিক খেলায় তাদের অসামান্য অবদানের স্বীকৃতি।’
এরপর চারজনের কথা বিশেষভাবে তুলে ধরেছেন নাকভি, ‘মুশতাক মোহাম্মদকে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক বিবেচনা করা হয়। তিনি তার সূক্ষ্ম নেতৃত্ব ও অনুপ্রেরণামূলক ক্রিকেটশৈলীর জন্য পরিচিত। ইনজামাম উল হকের অপরিমেয় প্রতিভা ও ম্যাচ জেতানোর ক্ষমতা খেলাধুলায় একটি অমোচনীয় ছাপ রেখে গেছে। মিসবাহ উল হক চ্যালেঞ্জিং সময়ে পাকিস্তান দলের দায়িত্ব নিয়েছিলেন, ক্যাবিবিয়ানে ঐতিহাসিক সিরিজ জিতিয়েছেন এবং দলকে টেস্ট র্যাঙ্কিংয়ের চূড়ায় নিয়েছিলেন। সাঈদ আনোয়ার তার সহজাত দক্ষতা ও ধ্রপদী কৌশলের সঙ্গে একজন ওপেনারের ভূমিকাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন এবং বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে যে কোনও কন্ডিশনে সাফল্য পেয়েছেন।’
১১ জনের একটি স্বাধীন প্যানেলের ভোটে এই চার লিজেন্ডকে হল অব ফেমে জায়গা দেওয়া হয়েছে। এই প্যানেলে ছিলেন হল অব ফেমার ওয়াসিম আকরাম, জহির আব্বাস, সাবেক পাকিস্তানি খেলোয়াড় আজহার আলী, বিসমাহ মারুফ ও নাইন আবিদি এবং ছয় ক্রিকেট সাংবাদিক ও বিশ্লেষক।