ফর্ম নেই। তার ওপর ঘরোয়া ক্রিকেটেও খেলেন না দীর্ঘদিন। সব মিলে সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছিলেন রোহিত শর্মা। বয়স ৩৭ হয়ে গেলেও এখনই লঙ্গার ভার্সনের ক্রিকেট ছেড়ে দেওয়ার পক্ষে নন ভারতের অধিনায়ক। তাই মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্বের খেলা শুরুর আগে অনুশীনে যোগ দিয়েছেন ভারতের অভিজ্ঞ এই ক্রিকেটার।
খেলা শুরু হবে ২৩ জানুয়ারি। সেই লক্ষ্যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার মুম্বাইয়ের স্কোয়াডের অনুশীলনে অংশ নেন রোহিত। তারা সেন্টার উইকেট সেশনে দুই ঘণ্টার মতো কাটিয়েছেন। ধারণা করা হচ্ছে, পুরো সপ্তাহেই অনুশীলন চালিয়ে যাবেন তারা। সামনে ষষ্ঠ রাউন্ডে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ জম্মু ও কশ্মির। অবশ্য এটা নিশ্চিত নয় ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রোহিত সেখানে খেলবেন কিনা। কিন্তু মুম্বাইয়ের হেড কোচ ওমকার সালভির সঙ্গে আলোচনার পর তার অনুশীলনের তুমুল আগ্রহ দেখে মনে করা হচ্ছে হয়তো কমপক্ষে একটি কিংবা দুটি ম্যাচে খেলতে পারেন তিনি। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন খুব শিগগিরই হয়তো এই সপ্তাহে স্কোয়াড ঘোষণা করবে।
রোহিত সর্বশেষ রঞ্জিতে ২০১৫ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলেছিলেন রোহিত। একবার ঘরোয়া ক্রিকেট না খেলা নিয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলিদের সমালোচনা করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। তিনি বলেছিলেন, এমনটা হওয়ায় রোহিত-কোহলিদের আসলে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। যা ভারতের ক্রিকেটে লম্বা সময় ধরে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সফরেই বাজে ফর্মে রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে। তিন টেস্টে ৫ ইনিংসে রান করেছেন মাত্র ৩১! ২০২৩-২৪ ঘরোয়া মৌসুমেও রান ছিল না ব্যাটে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে দশ ইনিংসে তার গড় ছিল মাত্র ১৩.৩০! যার মধ্যে তার নেতৃত্বে কিউইদের কাছে ৩-০ তে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছে। ঘরের মাঠে তিন বা তার বেশি ম্যাচে ভারতের এভাবে হোয়াইটওয়াশের ঘটনাটি ছিল এটাই প্রথম।