টানা তিন হারে বিপর্যস্ত সিলেট স্ট্রাইকার্স। তাদের নামের পাশে আরও একটি হার যুক্ত হলো। বৃহস্পতিবার খুলনা টাইগার্সের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে সিলেট। শেষ ওভারে ম্যাচ জমিয়ে তুলেছিল সিলেটের পেসার রিচ টপলে। খুলনার জিততে প্রয়োজন ছিল শেষ ওভারে ৫ রান। প্রথম ৪ বলে মাত্র ২ রান নিতে পারে খুলনা। তবে পঞ্চম বলে বিশাল ছক্কায় দারুণ এক জয় তুলে নেয় তারা। এই জয়ে প্লে অফের রেসে টিকে রইলো মেহেদী হাসান মিরাজের দল।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের চলতি বিপিএলের শেষ ম্যাচে সিলেট ও খুলনা মুখোমুখি হয়েছিল। আগে ব্যাটিং করে সিলেট নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫২ রান করে। জবাবে খেলতে নেমে মিরাজ ও নাঈম শেখের দারুণ ব্যাটিংয়ে ৭ ওভারে ৬৮ রানের জুটি গড়ে ফেলে তারা। এই জুটির ওপর দাঁড়িয়েই মূলত জয়ের ভিতটা পেয়ে যায় খুলনা। নাঈম ২০ রানে আউট হলে জুটি ভাঙে তাদের। এরপর আফিফ হোসেন (৩), মিরাজ (৭০) ও মাহিদুল ইসলাম অঙ্কন (১৭) আউট হলে বাকি পথটা অনায়াসেই পেরিয়ে যান অ্যালেক্স রস (২০) ও উইলিয়াম বোসিস্টো (১৯)। অধিনায়ক মিরাজ ৫০ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭০ রানের ইনিংস খেলেন।
সিলেটের বোলারদের মধ্যে নাহিদুজ্জামান দুটি এবং সুমন খান ও সামিউল্লাহ শিনওয়ারি একটি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলেও সেটি ধরে রাখতে পারেনি তারা। প্রথম ৮ ওভারে সিলেটের সংগ্রহ ৮০ রান। বড় সংগ্রহ যখন সময়ের ব্যাপার ছিল, তখনই খেই হারায় সিলেট। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে ১৫২ রানে অলআউট হয় তারা। সিলেটে হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন জর্জ মানসে। এছাড়া জাকির হাসানের ব্যাট থেকে আসে ৩২ বলে ৪৪ রানের ইনিংস। এই দুই ব্যাটার ছাড়া কেবল সুমন খান (১২) দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন।
খুলনার পক্ষে দুটি করে উইকেট নেন আবু হায়দার, হাসান মাহমুদ ও সালমান ইরশাদ। একটি করে উইকেট পান নাসুম, মিরাজ ও আমের।
৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে উঠে গেলো খুলনা। সপ্তম হারে চার পয়েন্টে সবার শেষে সিলেট।