রোমাঞ্চকর ম্যাচে তিলক ঝড়ে ইংল্যান্ডকে হারালো ভারত

টি-টোয়েন্টিতে শেষবার তিলক ভার্মা আউট হয়েছিলেন গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তারপর শনিবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে টানা চতুর্থ ম্যাচ অপরাজিত থাকলেন। চেন্নাইয়ে অভিজ্ঞ ব্যাটারদের ব্যর্থতা দেখেও চোয়াল শক্ত রেখে দারুণ এক ইনিংস খেললেন ২২ বছর বয়সী তিলক। তার অনবদ্য ব্যাটিংয়ে ভারত খাদের কিনারা থেকে পিছিয়ে এসে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পেলো। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা।

ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভারত ১৯ রানে ২ উইকেট হারায়। অভিষেক শর্মা ও সাঞ্জু স্যামসনকে হারানোর পর সূর্যকুমার যাদবকে (১২) নিয়ে ৩৯ রানের জুটি গড়েন তিলক। এরপর অন্য প্রান্ত থেকে ব্যাটারদের আসা যাওয়া দেখেছেন তিনি।

১৫তম ওভারে ১২৬ রানে ভারতের সপ্তম উইকেট তুলে নিয়ে ইংল্যান্ড আধিপত্য দেখায়। তবে তিলক তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ান। বাঁহাতি ব্যাটার আশা হারাননি। আর্শদীপ সিংয়ের সঙ্গে ২০ রানের জুটিতে ব্যবধান কমাতে থাকেন তিনি। তারপর রবি বিষ্ণয়ের দারুণ সমর্থনে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিলক। ৫৫ বলে চারটি চার ও পাঁচ ছয়ে তিনি ৭২ রানে অপরাজিত ছিলেন। সবশেষ আউট হওয়ার পর এনিয়ে চার ম্যাচে ৩১৮ রান করলেন এই তরুণ ব্যাটার।

১৯.২ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান করে ভারত। ওয়াশিংটন সুন্দরের ১৯ বলে ৩ চার ও ১ ছয়ে ২৬ রান স্বাগতিকদের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

জোফরা আর্চার বল হাতে ব্যর্থ। ৪ ওভারে ৬০ রান দেন তিনি। সর্বোচ্চ তিন উইকেট পান ব্রাইডন কার্স।

এর আগে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডও দুই ওপেনারকে হারায় দ্রুত। ২৬ রানে দুজন ব্যাটারকে হারানোর পর জস বাটলার হাল ধরেন। ৩০ বলে ৪৫ রান করেন অধিনায়ক। শেষ দিকে জেমি স্মিথের ১২ বলে ২২ ও কার্সের ১৭ বলে ৩১ রানের ক্যামিও ইনিংসে ইংল্যান্ড চ্যালেঞ্জিং স্কোর করে। ৯ উইকেটে ১৬৫ রান করে তারা।

ভারতের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন বরুণ চক্রবর্ত্তী ও অক্ষর প্যাটেল।