টেস্টের বর্ষসেরা বুমরা 

টেস্টে বল হাতে এর আগে এতটা বিধ্বংসী রূপে দেখা যায়নি তাকে। যার স্বীকৃতি হিসেবে ক্যারিয়ারে প্রথমবার আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব জিতেছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। 

বুমরা লম্বা বিরতির পর ২০২৩ সালের শেষ দিকে লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন করেন। ছিল পিঠের ইনজুরি। ঘরের মাঠে ভারতের ইংল্যান্ড, বাংলাদেশকে হারানোর পেছনে ছিল তারই অবদান। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মাটিতেও ছিলেন একই ভূমিকায়। 

গত বছর টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। নিয়েছেন ৭১ উইকেট। এক পঞ্জিকা বর্ষে এত উইকেট নেওয়া চতুর্থ ভারতীয় বোলার। তার আগে এমনটা করেছেন রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে ও কপিল দেব। অবশ্য তাতে তিনি এমন কীর্তি গড়েছেন যা আগে কেউ করতে পারেনি। টেস্ট ইতিহাসে ১৫ এর নিচে বোলিং গড়ে ৭০+ উইকেট নেওয়ার কীর্তি নেই আর কারও। তিনিই প্রথমবার এমনটা করে দেখিয়েছেন।  

তার স্মরণীয় পারফরম্যান্স ছিল পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার জায়গায় দায়িত্ব পালন করেছেন। যিনি বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কাজটা করে স্মরণীয় জয় পেতে অবদানও রেখেছেন। ওপেনিং ডেতে বুমরার বোলিংয়েই অস্ট্রেলিয়া ১৫০ রানে গুটিয়ে গেছে। বুমরা ৩০ রানে নিয়েছেন ৫ উইকেট। তার পর ভারত ৫৩৪ রানের বিশাল পাহাড় গড়লে দ্বিতীয় ইনিংসে আরও তিন উইকেট নিয়ে ২৯৫ রানের জয় পেতে ভূমিকা রেখেছেন।