পুনেতে ভারত ও ইংল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টি ছিল রোমাঞ্চে টইটম্বুর। ম্যাচের মোমেন্টাম একবার হেলেছে ভারতের দিকে, তো আরেকবার ইংল্যান্ডের দিকে। শেষ পর্যন্ত ছয় বল বাকি থাকতে স্বাগতিকরা ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয়। দুই বল বাকি থাকতে ইংলিশদের অলআউট করে ১৫ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ভারত।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে সাকিব মাহমুদের কাছে তিন উইকেট হারায় ভারত। ১২ রানের মধ্যে সাঞ্জু স্যামসন (১), তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন।
এই ধস কিছুটা সময়ের জন্য সামলে ওঠে ভারত। অভিষেক শর্মা (২৯) ও রিংকু সিং (৩০) চতুর্থ উইকেটে ৪৫ রানের জুটি গড়েন। দুজনেই দলীয় ৭৯ রানের মধ্যে বিদায় নিলে পাঁচ উইকেট হারিয়ে ফের চাপে পড়েছিল স্বাগতিকরা।
এই বিপদ বাড়তে দেননি শিবম দুবে ও হার্দিক পান্ডিয়া। তাদের ৮৭ রানের জুটি স্বাগতিকদের শক্ত অবস্থানে নেয়। দুজনেই ঝড়ো ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করেন।
৩০ বলে চারটি করে চার ও ছয়ে ৫৩ রান করে জেমি ওভারটনের শিকার হার্দিক। শেষ ওভারে আরেকটি ঝড়ের মুখে পড়ে তিন উইকেট হারায় ভারত। ৩৪ বলে ৫৩ রান করে ইনিংসের শেষ বলে শিবম রানআউট হন।
এই দুই হাফ সেঞ্চুরিতে ভারত ৯ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে। ইংল্যান্ডের পক্ষে তিনটি উইকেট নেন সাকিব। দুটি পান ওভারটন।
ব্যাটিংয়ের মতো বোলিংয়েও ভারতের শুরুটা হয়েছিল হতাশাজনক। ১৮২ রানের লক্ষ্যে নেমে পাওয়ার প্লের এক বল বাকি থাকতে ৬২ রান তোলে ওপেনিং জুটি। রবি বিষ্ণয় ব্রেকথ্রু আনেন। ৫ রানের ব্যবধানে তিন উইকেট হারায় ইংল্যান্ড, যার দুটিই ভারতীয় স্পিনারের। তার বেন ডাকেট ১৯ বলে ৭ চার ও ১ ছয়ে ৩৯ রান করে থামেন। জস বাটলারকেও (২) ফেরান বিষ্ণয়। মাঝে ফিল সল্ট (২৩) অক্ষর প্যাটেলের শিকার।
চারে নামা হ্যারি ব্রুক এই বিপর্যয়ের মাঝেও ঝলমলে ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন। তাতে লড়াইয়ের লাগাম ধরে রেখেছিল ইংল্যান্ড। ২৬ বলে তিনি ৫ চার ও ২ চয়ে ৫১ রানে আউট হলে ছন্দপতন হয়। বরুণ চক্রবর্ত্তীর জোড়া আঘাতে ৮ রানে তিন উইকেট পড়ে।
ডেথ ওভারে অন্যপ্রান্তের ব্যাটারদের যাওয়া আসার মাঝেও ওভারটন জয়ের আশা জাগিয়ে রাখেন। ১৯তম ওভারের শেষ বলে ব্যবধান ১৯ রানে নামিয়ে তিনি নবম ব্যাটার হিসেবে বিদায় নিলে জয়ের আশা শেষ হয়ে যায়। হার্ষিত রানা তাকে ফেরান ১৯ রানে।
এক উইকেট হাতে নিয়ে সেই রান আর করতে পারেনি ইংল্যান্ড। ইনিংসের দুই বল বাকি থাকতে আর্শদীপ সিং সাকিবকে ফিরিয়ে ইংল্যান্ডকে ১৬৬ রানে অলআউট করে দেন।
বিষ্ণয় ও হার্ষিত তিনটি করে উইকেট নেন। দুটি পান বরুণ।
এই জয়ে ৩-১ এ সিরিজ নিশ্চিত করলো ভারত। আগামী রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে হবে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ।