আর মাত্র তিন সপ্তাহের মতো বাকি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠতে। আট দলের ওয়ানডে টুর্নামেন্টের আগে ভারতকে ভাবাচ্ছে বিরাট কোহলি ও রোহিত শর্মার অফফর্ম। তবে গৌতম গম্ভীর বিশ্বাস করেন, আসন্ন প্রতিযোগিতায় দুজনরেই বিশাল ভূমিকা থাকবে।
শনিবার মুম্বাইয়ে অনুষ্ঠিত বিসিসিআই বার্ষিক অ্যাওয়ার্ডসে গম্ভীর বললেন, ‘আমি মনে করি রোহিত ও বিরাট, ড্রেসিংরুমে অনেক গুরুত্ব যোগ করেছে, ভারতীয় ক্রিকেটেও। তাদের বিশাল ভূমিকা থাকবে (চ্যাম্পিয়ন্স ট্রফিতে)।’
এই বিশ্বাসের ব্যাখ্যা দিলেন ভারতের প্রধান কোচ, ‘আমি আগেও বলেছি, এই দুজন অনেক বেশি ক্ষুধার্ত। তারা দেশের জন্য খেলতে চায়। দেশের জন্য খেলার এবং দেশকে ভালো কিছু দেওয়ার প্রবল ইচ্ছা তাদের আছে।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমুহূর্তের জন্যও ভারতকে থামা যাবে না বললেন গম্ভীর, ‘৫০ ওভারের ওয়ানডে বিশ্বকাপের তুলনায় চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পূর্ণ ভিন্ন। কারণ আক্ষরিকভাবে প্রতিটি ম্যাচ বাঁচামরার। এই টুর্নামেন্টে থেমে যাওয়া যাবে না। আশা করি আমরা ভালো শুরু করবো। টুর্নামেন্ট জিততে হলে পাঁচটি ম্যাচ জেতা লাগবে।’
২৩ ফেব্রুয়ারি দুবাইতে হবে ভারত ও পাকিস্তানের ম্যাচ। চিরাচরিতভাবে এই ম্যাচ নিয়ে উত্তেজনা কাজ করছে সবার মনে। তবে এই একটি ম্যাচকেই সর্বেসর্বা ভাবছেন না সাবেক ওপেনার, ‘দেখুন, ২৩ তারিখের ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা ভেবে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্চি না। আমি মনে করি পাঁচটি ম্যাচই গুরুত্বপূর্ণ। দুবাইয়ে আমরা শিরোপা জয়ের মিশন নিয়ে যাচ্ছি, শুধু নির্দিষ্ট ম্যাচ জেতার জন্য নয়। কিন্তু হ্যাঁ, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য এই ম্যাচটা গুরুত্বপূর্ণ মাধ্যম, তাই আমরা যথাসম্ভব গুরুত্ব দিবো এটাকে।’
‘আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমার মনে হয় যখন দুই দেশ ভারত ও পাকিস্তান একে অন্যের সঙ্গে খেলে, তখন অবশ্যই আবেগ অনেক উঁচুতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা থাকবে একই রকম।’- বললেন গম্ভীর।