রাজনৈতিক কারণে বৈশ্বিক ইভেন্ট ছাড়া মুখোমুখি হয় না ভারত-পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ক্রিকেট ম্যাচ থাকলে সেখানে হুমড়ি খেয়ে পড়েন পাঁড় ভক্তরা। চ্যাম্পিয়ন্স ট্রফির বেলাতেই বা বাদ থাকবে কেন? এক ঘণ্টাতেই বিক্রি হয়ে গেছে দুই দলের ম্যাচের টিকিট!
এই ম্যাচের চাহিদা যে থাকবে সেটা প্রত্যাশিত ব্যাপারই ছিল। দেখা গেছে বিক্রি হয়ে যাওয়ার পরও অনলাইনে টিকিটের জন্য অপেক্ষায় ছিলেন অনেকে।
২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। হাইব্রিড মডেলে ভারত এবারও সবগুলো ম্যাচ মরুর বুকে খেলবে।
হাইব্রিড মডেলে পাকিস্তানই এই টুর্নামেন্টের আয়োজক। ভারত রাজনৈতিক কারণে পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় রোহিত শর্মাদের সব ম্যাচ নিরপেক্ষা ভেন্যুতে স্থানান্তর করা হয়েছে।
চাহিদা থাকবে সেটা অনেকেই অনুমান করেছিলেন। কিন্তু মুহূর্তে এভাবে ২৫ হাজার টিকিট বিক্রি হয়ে যাবে সেটা কল্পনা করেনি অনেকে! বার্তা সংস্থা আইএএনএসকে দুবাইয়ের ভারতীয় এক প্রবাসী বলেছেন, ‘লম্বা লাইন থাকবে এমনটা ভেবেছিলাম। কিন্তু এত দ্রুত বিক্রি হয়ে যাবে সেটা ছিল বিস্ময়কর ব্যাপার।’
বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, টিকিটের জন্য অনলাইনে হানা দিয়েছিলেন দেড় লাখ টিকিট প্রত্যাশী!
আট দলের টুর্নামেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। চলবে মার্চ পর্যন্ত। পাকিস্তান ও দুবািই মিলে ম্যাচ হবে মোট ১৫টি। গ্রুপ ‘এ’ তে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’ তে রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।