তাসকিনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে বিসিবি

তাসকিনবাংলাদেশের পেসার তাসকিন আহমেদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আপিল করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিসিবির  মতে, যেহেতু পেসার তাসকিন আহমেদের সব ডেলিভারি আইন লঙ্ঘন করে না। তাই আইসিসির কাছে আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিনকে ফেরানোর ব্যাপারে আবেদন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ রবিবার গুলশানে নিজের বাসায় প্রচারমাধ্যমের কাছে এ কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘আইসিসির রিপোর্টে বলা আছে তাসকিনের কিছু কিছু অ্যাকশনে সমস্যা রয়েছে। তার স্টক ডেলিভারি ও ইয়র্কারে কোনও সমস্যা নেই। তাই আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে তাসকিনের সমস্যা নেই। নির্দিষ্ট কিছু ডেলিভারি না দিলেই হলো। এ ব্যাপারে আমরা আইসিসির কাছে আনুষ্ঠানিক আবেদন করবো।’
বিসিবির সভাপতি আরও বলেন, ‘আমাদের একটি টেকনিক্যাল কমিটি তাসকিনের ব্যাপারে কাজ করছে। তারা সব কাগজপত্র গুছিয়ে আইসিসির কাছে সেগুলো জমা দিবে। আমার বিশ্বাস আইসিসি তাসকিনের ব্যাপারটি পুনর্বিবেচনা করবে।’

ঘরোয়া ক্রিকেটে অহরহই অ্যাকশন নিয়ে পেসারদের নানা সমস্যা আছে। এটি স্বীকার করে বিসিবি সভাপতি বলেন, ‘অতি দ্রুত বিসিবি এই ব্যাপারে একটি কমিটি করবে এবং এই কমিটি সক্রিয়ভাবে ঘরোয়া ক্রিকেটে সব বোলারদের অ্যাকশন পর্যালোচনা করবে।’

/আরএম/এফআইআর/