ভারতীয় খেলোয়াড়ের একারই ২৭ ব্যাগ, অস্ট্রেলিয়ায় জরিমানা দিতে হয়েছিল বোর্ডকে

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিসিসিআই ভারতীয় দলকে কঠোর কিছু দিক নির্দেশনা দিয়েছে। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ হারের পর নানান নিয়ম জারি করার কারণ হয়তো বোঝা গেলো। ভারতের অস্ট্রেলিয়া সফরের এক বিস্ফোরক তথ্য জানা গিয়েছে।

বোর্ডার গাভাস্কার ট্রফি খেলতে ভারতীয় দল যখন অস্ট্রেলিয়া রওনা দেয়, তখন দলেরই এক ক্রিকেটার বিপুল পরিমাণ লাগেজ নিয়ে গিয়েছিলেন। জানা গিয়েছে, সেগুলো শুধু তার একারই নয়, পরিবার-বন্ধুর ব্যক্তিগত জিনিসও ছিল সেখানে। কিন্তু বেশি লাগেজের জরিমানা গুনতে হয়েছিল বিসিসিআইকেই।

সম্প্রতি বিদেশ সফরে খেলোয়াড়দের ব্যাগের ওজনের ওপর সীমা নির্ধারণ করে নিয়ম চালু করে বোর্ড। এক রিপোর্ট অনুযায়ী, এই নিয়ম চালু করার মূল কারণই ছিল কিছু ক্রিকেটারের অতিরিক্ত লাগেজ বহন করা।

নতুন নিয়মে বোর্ড ক্রিকেটারদের জন্য সর্বাধিক ১৫০ কেজি পর্যন্ত ব্যাগ বহনের খরচ দেবে। তবে অস্ট্রেলিয়া খেলতে যাওয়ার সময় এক ক্রিকেটার ২৭টিরও বেশি ব্যাগ নিয়ে গিয়েছিলেন, যার ওজন ২৫০ কেজির বেশি হয়ে যায়। শুধু সেই খেলোয়াড়ই নয়, তার পরিবারের সদস্য ও ব্যক্তিগত স্টাফদের ব্যাগও বিসিসিআইয়ের খরচে বহন করা হয়েছিল।

আগে থেকেই খেলোয়াড়দের পরিবার ও ব্যক্তিগত স্টাফদের ব্যাগ আলাদাভাবে বহন করা হয়। কিন্তু এই নির্দিষ্ট খেলোয়াড় তার ব্যাগের সঙ্গেই সেগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। শুধু ভারত থেকে যাওয়ার সময়ই নয়, গোটা অস্ট্রেলিয়া সফরেই ওই ক্রিকেটারের পরিবারের সদস্যদের যাবতীয় লাগেজের খরচ বহন করে বিসিসিআই। অস্ট্রেলিয়ার এক শহর থেকে অন্য শহরে যাওয়ার ক্ষেত্রেও বোর্ড এই অতিরিক্ত খরচ বহন করতে বাধ্য হয়।

তবে ওই সফর থেকে ফিরে কড়া নিয়ম এনেছে বোর্ড। এবার থেকে পরিবার আর দলের সঙ্গে থাকতে পারবে না এক হোটেলে। নিজস্ব খরচে আলাদাভাবে থাকতে হবে তাদের। বিদেশ সফর চলাকালে সব ক্রিকেটারদের টিম বাসে ভ্রমণ করতে হবে এবং ব্যক্তিগত ভ্রমণের কোনও সুযোগ নেই।