শান্তদের সাহস ও দৃঢ়তার সঙ্গে খেলতে বললেন মাশরাফি

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। আইসিসি ইভেন্টে এটাই বাংলাদেশের সেরা সাফল্য। মাশরাফি মুর্তজার নেতৃত্বে পাওয়া ওই সাফল্যকে এরপর আর ছাড়িয়ে যেতে পারেনি বাংলাদেশ। মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়েছে বেশ আগেই। চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন মিশন সামনে রেখে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাতে ভুলে যাননি সাবেক এই অধিনায়ক। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইলো শুভ কামনা। সাহস ও দৃঢ়তার সঙ্গে খেলে যাও। সব সময় শুভকামনা।’

আরব আমিরাত ও পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশ ছাড়ার আগে সেই বার্তাই দিয়ে গেছেন। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা ৬ ক্রিকেটার আছেন এবারের আসরে। দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের সঙ্গে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুই পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ছাড়াও আছেন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। 

অভিজ্ঞ এই ছয় ক্রিকেটারের সঙ্গে তরুণ নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন কিংবা তাওহীদ হৃদয়, রিশাদ হোসেনরা দলগত পারফরম্যান্স দেখাতে পারলে সাফল্য পাওয়া কঠিন কিছু নয়। সাবেক অধিনায়কের বার্তা হয়তো শান্তর দলকে অনুপ্রাণিত করবে।