বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃহস্পতিবার রোহিত শর্মা খেলতে নেমেছিলেন ১০ হাজার ৯৮৮ রান নিয়ে। এদিন মোস্তাফিজকে চার মেরে রোহিত ছুঁয়ে ফেলেন ১১ হাজার রানের মাইলফলক। ২৬১ ইনিংস খেলে এই ক্লাবে নাম লিখলেন ভারতের অধিনায়ক।
যদিও সবচেয়ে দ্রুততম সময়ে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তারই সতীর্থ বিরাট কোহলি। ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে ২২২তম ইনিংস খেলতে নেমে ওই কীর্তি গড়েছিলেন কোহলি। ভারতের সাবেক অধিনায়কের সামনে আরও একটি মাইলফলকের হাতছানি। বাংলাদেশের বিপক্ষে আজ ৩৭ রান করতে পারলেই ১৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করতেন তিনি। কিন্তু কোহলি আউট হয়েছেন ২২ রানে। পরের ম্যাচে ১৫ রান করতে পারলেই এই মাইলফলকে পৌঁছে যাবেন তিনি।
বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ ২২৮ রান সংগ্রহ করে। ২২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম কয়েক ওভারে অস্বস্তি নিয়ে ব্যাটিং করেছেন ভারতের অধিনায়ক। মোস্তাফিজের দ্বিতীয় ওভারে ব্যাট-বলের সংযোগই করতে পারেননি তিনি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে আসেন। মাইলফলক ছুঁতে প্রয়োজনীয় ১১ রান নিতে ১৪ বল খেলতে হয়েছে রোহিতের। যদিও ৩৬ বলে ৭ চারে ৪১ রানে তাসকিন আহমেদের শিকার হন তিনি।
ওয়ানডে ইতিহাসে দশম ব্যাটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন রোহিত। এই তালিকায় তিনি চতুর্থ ভারতীয়। তার আগে ভারতের হয়ে ওয়ানডেতে অন্তত ১১ হাজার রান করা তিনজন হলেন- শচীন টেন্ডুলকার (১৮৪২৬), কোহলি (১৩৯৮৫), সৌরভ গাঙ্গুলি (১১৩৬৩)। ভারতীয় অধিনায়কের বর্তমান রান ১১ হাজার ২৯। সেঞ্চুরি ৩২ ও ৫৭ হাফ সেঞ্চুরিতে ৪৯.০১ গড়ে এই রান করেছেন ভারতীয় অধিনায়ক।