সংক্ষিপ্ত স্কোর: ৪৬.১ ওভারে নিউজিল্যান্ড ২৪০/৫ (ব্রেসওয়েল ১১*, ফিলিপস ২১*, ল্যাথাম ৫৫, রাচিন ১১২, কনওয়ে ৩০, উইলিয়ামসন ৫, ইয়াং ০)
৫০ ওভারে বাংলাদেশ ২৩৬/৯ (মোস্তাফিজ ৩*, নাহিদ ০*, জাকের ৪৫, তাসকিন ১০, রিশাদ ২৬, শান্ত ৭৭, তানজিদ ২৪, মিরাজ ১৩, হৃদয় ৭, মুশফিক ২, মাহমুদউল্লাহ ৪)
ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী।
চ্যাম্পিয়ন্স ট্রফির গত আসরে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবার দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ট্রফি জয়ের স্বপ্ন দেখান। কিন্তু ভারতের কাছে হার দিয়ে প্রতিযোগিতা শুরু করার পর নিউজিল্যান্ডের কাছেও আত্মসমর্পণ করলো তারা। পাকিস্তানও চাইছিল বাংলাদেশের জয়। কিন্তু শান্তদের হারে তাদের সঙ্গে বিদায় নিলো স্বাগতিকরাও। সোমবার রাওয়ালপিন্ডিতে ৫ উইকেটে জিতে ভারতকে সঙ্গে নিয়ে সেমিফাইনালে উঠে গেলো নিউজিল্যান্ড।
দ্বিতীয় ম্যাচে শান্ত ৭৭ রানের দারুণ এক ইনিংস খেললেও অন্য ব্যাটাররা ছিলেন ব্যর্থ। শেষ দিকে জাকের আলীর ব্যাটে ২৩৬ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। ব্যাটিং স্বর্গে তা জেতার জন্য যথেষ্ট ছিল না। যদিও ১৫ রানে দুটি উইকেট নিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। রাচিন রবীন্দ্র দুর্দান্ত এক সেঞ্চুরি করে তাদের হতাশ করেন। সঙ্গে টম ল্যাথামও ফিফটি হাঁকান। দুজনের শতাধিক রানের জুটিতে সহজে জিতেছে কিউইরা।
রাচিন ১১২ রানে আউট হন। ল্যাথাম করেন ৫৫ রান। জয়ের ভিত গড়ে দিয়ে তারা আউট হন। গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েল ২১ ও ১১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২৪০ রান করে নিউজিল্যান্ড।
জয়ের ভিত গড়ে আউট রাচিন, ল্যাথাম
১০৫ রানে মাহমুদউল্লাহ সহজ ক্যাচ মিস করলে জীবন পান রাচিন রবীন্দ্র। তবে এর কিছুক্ষণ পরই রিশাদ হোসেনের শিকার হলেন তিনি। বদলি ফিল্ডার পারভেজ হোসেন ইমনের ক্যাচ হন রাচিন। ১০৫ বলে ১১২ রানে থামলেন তিনি। দলীয় ২০১ রানে রাচিন আউট হলেও জয় দেখছে নিউজিল্যান্ড। টম ল্যাথামের সঙ্গে তার জুটি ছিল ১২৯ রানের। দুই বল পর সিঙ্গেল নিয়ে হাফ সেঞ্চুরি করেন ল্যাথাম।
অবশ্য নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটার বেশিক্ষণ আর থাকতে পারেননি। ৪২তম ওভারে মাহমুদউল্লার থ্রোতে বোলিং এন্ডে রান আউট হন ল্যাথাম। ৭৬ বলে ৩ চারে ৫৫ রান করেন তিনি। দলীয় ২১৪ রানে পঞ্চম উইকেট হারালো নিউজিল্যান্ড।
রাচিনের সেঞ্চুরিতে হারের শঙ্কায় বাংলাদেশ
৩৫তম ওভারের পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি করলেন রাচিন রবীন্দ্র। বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অভিষেক রাঙালেন তিনি শতক হাঁকিয়ে। ৯৫ বলে ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থবার তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। টম ল্যাথামের সঙ্গে তার একশ ছাড়ানো অবিচ্ছিন্ন জুটিতে হার দেখছে বাংলাদেশ।
আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের হয়ে রেকর্ড চারটি সেঞ্চুরি করলেন রাচিন। পেছনে ফেলেছেন কেন উইলিয়ামসন ও নাথান অ্যাস্টলের কীর্তিকে। দুজনেই তিনটি করে শতক
রাচিন-ল্যাথামের জুটিতে চাপে বাংলাদেশ
৭২ রানে নিউজিল্যান্ডের তিন উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু রাচিন রবীন্দ্র ও টম ল্যাথামের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ এখন কিউইদের হাতে। দুজনের পঞ্চাশ ছাড়ানো জুটিতে তারা দেড়শ পার করেছে। ৩১ ওভারের খেলা শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৫৯ রান।
রাচিনের হাফ সেঞ্চুরি
২১তম ওভারের দ্বিতীয় বলে তাসকিন আহমেদকে চার মেরে হাফ সেঞ্চুরি উদযাপন করলেন রাচিন রবীন্দ্র। ৫০ বলে পঞ্চাশ পার করেছেন তিনি।
কনওয়েকে বোল্ড করলেন মোস্তাফিজ
ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র বাংলাদেশের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছিলেন। ৫৭ রানের এই জুটি ভেঙে দিলেন মোস্তাফিজুর রহমান। ১৬তম ওভারের চতুর্থ বলে কনওয়েকে ৩০ রানে বোল্ড করেন বাঁহাতি পেসার। তার বল নিউজিল্যান্ড ব্যাটারের ব্যাটের গোড়ার দিকে লেগে কয়েকবার মাটিতে লাফিয়ে বাম স্টাম্পে আঘাত করে।
৭২ রানে নিউজিল্যান্ড তিন উইকেট হারালো। ৪৫ বলে ৬ চারে সাজানো ইনিংস খেলার পথে নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম এক হাজার ওয়ানডে রান করেন কনওয়ে, ২২ ইনিংস খেলেছেন তিনি।
দারুণ শুরুর পর পাওয়ার প্লেতে ৫৪ রান দিলো বাংলাদেশ
চতুর্থ ওভারের তৃতীয় বলেই তাসকিন আহমেদ ও নাহিদ রানার আঘাতে ১৫ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। বেশ ভালোই বোলিং করছিল বাংলাদেশ। কিন্তু রাচিন রবীন্দ্র সেট হয়ে রান বের করতে থাকেন। তাতে পাওয়া প্লেতে ৫৪ রান করে কিউইরা, দুই উইকেট হারিয়ে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাহিদের প্রথম উইকেট উইলিয়ামসন
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাহিদ রানা প্রথম ম্যাচ খেলতে নেমে দ্বিতীয় ওভারে পেয়ে গেলেন এই প্রতিযোগিতায় তার প্রথম উইকেট। চতুর্থ ওভারের তৃতীয় বলে কেন উইলিয়ামসন আউটসাইড এজ হয়ে মুশফিকুর রহিমের গ্লাভসে জমা পড়ে। ১৫ রানে দ্বিতীয় উইকেট হারালো নিউজিল্যান্ড।
প্রথম ওভারে তাসকিনের আঘাত
প্রথম ওভারে টানা পাঁচটি ডট বল দেন তাসকিন আহমেদ। শেষ ডেলিভারিতে তার বল উইল ইয়াংয়ের ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে ঢুকে স্টাম্প ভেঙে দেয়। রানের খাতা না খুলতেই ভাঙে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি।
নিউজিল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে নাজমুল হোসেন শান্তর ব্যাট হাসলেও বাংলাদেশের পুঁজি হলো মাত্র ২৩৬ রানের। অধিনায়কের ব্যাটে এসেছে ৭৭ রানের ইনিংস। তারপর জাকের আলীর ব্যাটে আড়াইশর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু স্ট্রাইকে যাওয়ার জন্য অপ্রয়োজনীয় সিঙ্গেল নিতে গিয়ে তিনি রান আউট হন। তাতে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি হলো না তার। ৫৫ বলে ৩ চার ও ১ ছয়ে ৪৫ রান করেন তিনি। এছাড়া শেষ দিকে রিশাদ হোসেন ২৫ বলে ২৬ রান করে বলার মতো ভূমিকা রাখেন। তাতে বাংলাদেশ করেছে ৯ উইকেটে ২৩৬ রান। তানজিদ হাসান তামিম করেন ২৪ রান।
নিউজিল্যান্ডের পক্ষে মাইকেল ব্রেসওয়েল সর্বোচ্চ চার উইকেট নেন। উইলিয়াম ও’রোর্কে পান দুটি উইকেট।
আক্রমণাত্মক ব্যাটিং শেষে রিশাদ আউট, দুইশ ছাড়ালো বাংলাদেশ
জাকের আলীর সঙ্গে ক্রিজে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন রিশাদ হোসেন। ২৫ বলে ২৬ রান করে ফিরে গেলেন তিনি। ম্যাট হেনরির বলে মিচেল স্যান্টনারের ক্যাচ হন রিশাদ। দলীয় ১৯৬ রানে সপ্তম উইকেট হারালো বাংলাদেশ। এরপর জাকের আলী ও তাসকিন আহমেদের জুটিতে ৪৪তম ওভারে দুইশ পার করে তারা।
শান্ত থামলেন ৭৭ রান করে
দলীয় ১৬৩ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে মাঠ ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। ৩৭.২ ওভারে উইলিয়াম ও’রোর্কের বলে পুল করতে গিয়ে টপ এজ হয়ে মাইকেল ব্রেসওয়েলের ক্যাচ হন বাংলাদেশ অধিনায়ক। ১১০ বলে ৭৭ রান করেন তিনি।
শান্তর চারে দেড়শ পার করলো বাংলাদেশ
৩৬তম ওভারের দ্বিতীয় বলে উইলিয়াম ও’রোর্কেকে চার মেরে দলীয় স্কোর দেড়শ পার করলেন নাজমুল হোসেন শান্ত। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অন্য ব্যাটারদের ব্যর্থতার দিনে হাল ধরেছেন বাংলাদেশ অধিনায়ক।
ব্রেসওয়েলের ঘূর্ণিতে পড়লো পঞ্চম উইকেট, ফিরলেন মাহমুদউল্লাহ
প্রথম পাওয়ার প্লের পর বাংলাদেশকে চেপেই ধরেছে নিউজিল্যান্ড। বেড়ে যায় ডট বলের সংখ্যাও। ২৫তম ওভারেই ডট ছিল ৯৭টি! তাতে চাপ বেড়ে যাওয়ায় বড় শট খেলতে গিয়ে দ্রুত উইকেট পড়ছে বাংলাদেশের। এক মাইকেল ব্রেসওয়েলের ঘূর্ণিতেই হয়েছে সর্বনাশ। তার বলে ২৬.১ ওভারে এগিয়ে এসে শট খেলতে যান মাহমুদউল্লাহ। তাতে লিডিং এজে শর্ট থার্ডে ও’ রুর্ককে ক্যাচ দিয়ে ১৪ বলে মাত্র ৪ রানে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার। অফস্পিনার ব্রেসওয়েলই নিয়েছেন ৪ উইকেট!
মুশফিকের আউটের পর শান্তর ফিফটি
শুরু থেকে বাজে শট সিলেকশনেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। সেই পথে বিদায় নিয়েছেণ অভিজ্ঞ মুশফিকুর রহিমও। তাওহীদ মেরে খেলতে গিয়ে সাজঘরে ফেরার পর মুশফিকও বড় শট খেলতে গিয়ে ২ রানে ক্যাচ আউট হয়েছেন। এবারও হন্তারক ছিলেন ব্রেসওয়েল। ৯৭ রানের পর ১০৬ রানে দ্রুত আরও একটি উইকেট পতনে চাপে পড়েছে বাংলাদেশ। অধিনায়ক শান্ত অবশ্য প্রান্ত আগলে ক্যারিয়ারের দশম ফিফটি তুলে নিয়েছেন। ধীর গতির ফিফটি পেতে তিনি খেলেছেন ৭১ বল।
মেরে খেলতে গিয়ে ক্যাচ আউট হৃদয়
মেহেদী হাসান মিরাজের আউটের পর চাপে পড়ে যায় বাংলাদেশ। কমে যায় রানের গতি। নাজমুল হোসেন শান্ত প্রান্ত আগলে খেলতে থাকলেও বেশি চাপে ছিলেন হৃদয়। ৭ রান করতে ২৩ বল খেলেছেন। ২১তম ওভারে মাইকেল ব্রেসওয়েলের নিয়ন্ত্রিত বোলিংয়ে চড়াও হতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন তিনি। হৃদয় ২৪ বলে ফিরেছেন ৭ রানে। তার ক্যাচ নিয়েছেন উইলিয়ামসন। শান্ত-হৃদয়ের জুটিতে যোগ হয়েছে ৩৩ রান।
দ্রুত ফিরলেন মিরাজ
৪৫ রানে তানজিদ হাসানের বিদায়ের পর কিছু শট খেলে দ্রুত রান তোলায় মনোযোগী ছিলেন মেহেদী হাসান মিরাজ। তাতে পাওয়ার প্লেতে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫৮। কিন্তু তানজিদের মতো বাজে শট সিলেকশনে দ্রুতই কাঁটা পড়েন মিরাজ। ও’রুর্কের বলে মেরে খেলতে গিয়ে নিজের বিপদ ডেকে আনেন তিনি। ১৩ রানে স্যান্টনারকে ক্যাচ তুলে দিয়েছেন। মিরাজের ১৪ বলের ইনিংসে ছিল ১টি চার ও ১টি ছয়। অপর দিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রান্ত আগলে খেলছেন।
তানজিদের বিদায়ে পড়লো প্রথম উইকেট
আক্রমণাত্মক ব্যাটিংয়ে দারুণ সূচনা পেয়েছিলেন ওপেনার তানজিদ তামিম। কিন্তু শট খেলার তাড়ায় বড় হয়নি তার ইনিংস। তাতে ভেঙেছে ৪৫ রানের উদ্বোধনী জুটি। নবম ওভারে আক্রমণে এসে তার উইকেট তুলে নেন কিউই অফ স্পিনার মাইকেল ব্রেসওয়েল। কিউই স্পিনারকে মেরে খেলতে গিয়ে উইলিয়ামসনের ক্যাচে পরিণত হন তানজিদ। ফেরার আগে ২৪ বলে ২৪ রান করেছেন তিনি। তার ইনিংসে ছিল ১টি চার ও ২টি ছয়।
শুরুতে ব্যাট করতে নেমে তানজিদ তামিম আক্রমণাত্মক ব্যাটিংয়ে মনোযোগ দিয়েছেন। চড়াও হয়ে তুলে নেন কিছু বাউন্ডারি। তার সঙ্গে দীর্ঘ দিন পর ওপেনিংয়ে নামা শান্ত অবশ্য শুরুর দিকে খোলসবন্দী থেকেছেন। শুরুর দিকে টেস্ট মেজাজে থাকলেও অষ্টম ওভারে এসে টানা ৩ বাউন্ডারিতে স্কোরবোর্ডে রান যোগ করেছেন বাংলাদেশ অধিনায়ক।
শুরুতে রিভিউ হারিয়েছে নিউজিল্যান্ড
প্রথম ওভারেই বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টা করেছিল নিউজিল্যান্ড। পঞ্চম বলে নাজমুল হোসেন শান্তকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছিলেন ম্যাট হেনরি। আবেদনও করে তারা। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় নিউজিল্যান্ড। রিপ্লেতে দেখা যায়, বল লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে। তাতে প্রথম রিভিউ হারায় স্যান্টনারের দল।
টস হেরে ব্যাট করতে নেমে এদিন তানজিদ তামিমের সঙ্গে ওপেন করতে নেমেছেন অধিনায়ক শান্ত। যেহেতু সৌম্য সরকার বাদ পড়েছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। যদিও টস ভাগ্য শান্তদের পক্ষে হাসেনি। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।
প্রথম ম্যাচে ভারতের কাছে পরাজয়ের পর সেমিফাইনালে যেতে বাকি দুই ম্যাচেই জিততে হবে বাংলাদেশের। আজ কিউইদের কাছে হারলে বিদায় নিশ্চিত হয়ে যাবে। অপর দিকে, নিউজিল্যান্ড আজ জিতলে তাদের সেমিফাইনাল নিশ্চিত।
একাদশে কারা
বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এসেছে। ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা। বাদ পড়েছেন সৌম্য সরকার ও তানজিম সাকিব।
নিউজিল্যান্ড একাদশেও পরিবর্তন দুটি। নাথান স্মিথের জায়গায় ফিরেছেন কাইল জেমিসন। ড্যারিল মিচেল অসুস্থ থাকায় এসেছেন রাচিন রবীন্দ্র।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইলি ও’রুর্ক।
অতীত পরিসংখ্যান
দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লা ভারি নিউজিল্যান্ডের। ৪৫ ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ১১টি। বাকি ৩৩ ওয়ানডে জিতেছে কিউই দল। একটি ম্যাচে কোনও ফল আসেনি।
দুই দলের সর্বশেষ লড়াইয়ে জিতেছিল বাংলাদেশ। ২০২৩ সালের ডিসেম্বরে সেটা ছিল টাইগারদের বিদেশের মাটিতে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়। অবশ্য ২০১৭ সালের আগের আসরে কার্ডিফে নিউজিল্যান্ডকে হারানোর কৃতিত্ব দেখিয়েছিল টাইগাররা। ব্ল্যাক ক্যাপসরা টাইগারদের বিপক্ষে জিতেছিল ২০০২ সালের আসরে। টুর্নামেন্টে হেড-টু হেড রেকর্ড তাই সমান ১-১।