ইংল্যান্ড ১৭৯ রানে অলআউট, হারলেও সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার

উইয়ান মুল্ডার ও মার্কো ইয়ানসেনের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে ১৭৯ রানে অলআউট করেছে দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসরে ইংলিশদের সর্বনিম্ন রানে থামিয়ে লক্ষ্যে নামার আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে প্রোটিয়ারা। তারা হারলেও এই মুহূর্তে তাদের সমান ৩ পয়েন্ট পাওয়া আফগানিস্তান রান রেটে এগিয়ে যেতে পারবে না। মানে সেরা চার নিশ্চিত করেই লক্ষ্যে নামতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। 

ইয়ানসেন পাওয়ার প্লেতেই দক্ষিণ আফ্রিকার প্রথম তিন ব্যাটারকে সাজঘরে পাঠান। ৩৭ রানের মধ্যে ফিলিপ সল্ট (৮), জেমি স্মিথ (০) ও বেন ডাকেট (২৪) আউট হন।

জো রুট ও হ্যারি ব্রুক ৬২ রানের জুটিতে ওই ধাক্কা সামলে নেন। ব্রুক (১৯) কেশভ মহারাজের শিকার হলে এই জুটি ভাঙে। 

জো রুটকে (৩৭) উইয়ান মুল্ডারের শিকার হওয়ার পর নিয়মিত বিরতিতে আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড। ১২৯ রানে সাত উইকেট পড়ে তাদের।

জোফরা আর্চার ও জস বাটলার ছোট প্রতিরোধ গড়েন। ৪২ রান যোগ করে দুজনেই অল্প সময়ের মধ্যে প্যাভিলিয়নে ফেরেন। আর্চার ২৫ রান করেন। অধিনায়কত্ব ছাড়তে যাওয়া বাটলার ২১ রান করে লুঙ্গি এনগিডির শততম ওয়ানডে উইকেট হন। আদিল রশিদকে ফিরিয়ে মুল্ডার ইংল্যান্ডকে অলআউট করেন। 

৩৮.২ ওভারে ১৭৯ রানে অলআউট হয় ইংল্যান্ড। মুল্ডার ও ইয়ানসেন সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। দুটি পান মহারাজ।