আইপিএলে দলগুলোর অনুশীলনে সীমারেখা টানলো বিসিসিআই

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য দলগুলোকে অনুশীলন সেশন সীমিত করলো বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দলগুলো সাতটির বেশি অনুশীলন সেশন করতে পারবে না। আগের আসরগুলোতে এমন কোনও বাধাধরা নিয়ম ছিল না। বিসিসিআই আরও জানিয়েছে, সর্বোচ্চ দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলা যাবে, সেটাও ওই নির্ধারিত সেশনের মধ্যে। অনুশীলন ম্যাচগুলিও মূল পিচে আয়োজন করা যাবে না। পাশের পিচে আয়োজন করতে হবে। ম্যাচের দিন কোনও প্র্যাকটিস চলবে না। যদি কোনও দল আগেভাগে তাদের অনুশীলন শেষ করে, তবুও ওই উইকেটগুলো অনুশীলনের জন্য ব্যবহার করতে পারবে না অন্য দলগুলো।

সম্প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোকে নতুন নিয়ম সম্পর্কে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিসিসিআই। আর মাঠগুলোতে কোনও ধরনের স্থানীয় খেলা, লিজেন্ডস লিগ কিংবা সেলিব্রিটি টুর্নামেন্ট আয়োজন করা যাবে না। লিগের জন্য পিচ ও মাঠ তরতাজা রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে।

বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী, আইপিএল শুরুর আগে মূল পিচে সাতটি সেশন অনুশীলন করতে পারবে দলগুলো। সেই সেশনও তিন ঘণ্টার বেশি নয়। যদি কোনও দল অনুশীলন ম্যাচ খেলতে চায়, সেটাও ওই সাতটি সেশনের মধ্যেই করতে হবে। দুটির বেশি অনুশীলন ম্যাচ খেলতে পারবে না কোনও দল। যত খুশি ওপেন নেট অনুশীলনও করতে পারবে না আইপিএলের দলগুলো।

ক্রিকবাজ়কে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক কর্তা বলেন, ‘ফ্লাডলাইটে মোট সাতটি অনুশীলন করতে পারবে দলগুলো। তিন ঘণ্টার বেশি অনুশীলন করতে পারবে না তারা। এই সাতটি সেশনের মধ্যে সর্বোচ্চ দুটো অনুশীলন ম্যাচ খেলতে পারে দলগুলো। অনুশীলন ম্যাচের বদলে ওপেন নেট অনুশীলনও করতে পারে তারা। তবে সেটা দুটোর বেশি নয়।’

আগামী ২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ খেলবে।