আফগানিস্তানের তরুণ অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের উত্থান চোখে পড়ার মতো। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ফাইফার ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু ফিফটি করেন। আর এই পারফরম্যান্স দিয়ে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেলেন তিনি।
সতীর্থ মোহাম্মদ নবীকে শীর্ষস্থান থেকে দুইয়ে নামিয়েছেন আজমতউল্লাহ। ২৪ বছর বয়সী অলরাউন্ডার দুই ধাপ এগিয়েছেন এবং ক্যারিয়ার সেরা ২৯৬ রেটিং পয়েন্ট তার নামের পাশে।
ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়েও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে আজমতউল্লাহর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১২৬ রান করে ১২ ধাপ লাফিয়ে ২৪তম স্থানে তিনি।
আফগানিস্তানের তরুণ ব্যাটিং তারকা ইব্রাহিম জাদরান ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানের রেকর্ড ইনিংস খেলে ১৩ ধাপ এগিয়ে দশম স্থানে।
ওয়ানডে থেকে অবসর নেওয়ার দিনে অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথ ছয় ধাপ এগিয়ে ১৬ নম্বরে। নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামসন আট ধাপ লাফিয়ে ২৯তম। শুবমান গিল ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন।
নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে বোলার র্যাঙ্কিংয়ের তিনে। মাহিশ ঠিকশানা যথারীতি শীর্ষে এবং প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজ দ্বিতীয় স্থানে।