তাসকিনের মতো ক্যারিয়ারের নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন পাকিস্তানি স্পিডস্টার শোয়েব আখতারও। তবে ঠিক ১১দিন পরই ফিরেছিলেন তিনি। অবশ্য সেটি সম্ভব হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)- এর ক্রিকেট কূটনীতির জোরেই! তাসকিনের মতো শোয়েব আখতারের ঘটনাটিও ছিল বিতর্কিত। ওই সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট সিরিজ চলাকালীন শোয়েব আখতারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচ রেফারি জন রিড। এর প্রেক্ষিতে শোয়েব নিষিদ্ধ হলেও ওই সময়কার পিসিবি চেয়ারম্যান লে. জেনারেল তৌকির জিয়া এর বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং রায়টিকে উদ্দেশ্যে প্রণোদিত হিসেবেও আখ্যা দেন।
আর ক্রিকেট কূটনীতির জোরেই ওই বিতর্কিত ঘটনার ১০ দিনের মাথায় ২০০০ সালের শুরুতে পিসিবির আপিলের প্রেক্ষিতে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা উঠিয়ে দেয় আইসিসি। অবশ্য বলা হয়ে থাকে এই শোয়েবকে বাঁচাতে নিজের ক্ষমতায় ইতিবাচক ভূমিকা রেখেছিলেন ওই সময়কার আইসিসি সভাপতি জগমোহন ডালমিয়া। তার ক্ষমতা বলেই দ্রুত হয়েছিল সবকিছু।
/এমআর/