‘বাংলাদেশ তোকে মিস করবে’, মুশফিককে তামিম

মুশফিকুর রহিমকে আর দেখা যাবে না জাতীয় দলের রঙিন জার্সিতে। ফর্মে ভাটা পড়ায় তীব্র সমালোচনার মুখোমুখি হয়ে বুধবার সোশ্যাল মিডিয়ায় অবসরের ঘোষণা দেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার। ওয়ানডে থেকে তার বিদায়ের খবর জেনে আবেগঘন এক ভিডিও বার্তা দিয়েছেন একসময়ের সতীর্থ তামিম ইকবাল।

ফেসবুক পেজে তামিম তার নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেছেন, ‘আজকে আসলে এমনই একটা দিন, সাধারণত কেউ যখন কোনও একটি ফরম্যাট থেকে অবসর নেয়, সবাই স্ট্যাটাস দেয়, তাদের অনুভূতিটা বোঝায়। এমন একজন ব্যক্তি আজকে অবসর নিলো, যার সঙ্গে আমার প্রায় ২০-২৫ বছরের পথচলা। তো একটা স্ট্যাটাসে আমি মানুষকে বোঝাতে পারতাম না তার প্রতি আমার অনুভূতি কী বা আমার এখন কী মনে হচ্ছে।’

মুশফিকের সঙ্গে শুরুর দিনগুলো স্মৃতিচারণ করেছেন বাঁহাতি ওপেনার, ‘আপনারা জানেন মুশফিক কিছুক্ষণ আগে ওয়ানডে থেকে অবসর নিয়েছে। তাকে একটাই কথা বলতে চাই- দোস্ত তোর সঙ্গে আমার খেলা শুরু অনূর্ধ্ব-১৫ থেকে। আমি তোকে ধাপে ধাপে উন্নতি করতে দেখেছি। আমি তোকে দেখেছি যে সাদামাটা একটা ব্যাটার থেকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার কীভাবে হয়েছিস।’

তিনি আরও বলে গেলেন, ‘আপনাদের অনেকেরই হয়তো ওর কঠোর পরিশ্রম দেখার সুযোগ হয়নি। যেহেতু আমরা একসঙ্গে খেলেছি, দেখেছি যে একটা ছেলে কতটা কষ্ট করতে পারে। মানে একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব, আমার কাছে মনে হয় সে সবই করেছে, এখনও করে গেছে। আমরা মাঝেমধ্যে ওকে নিয়ে হাসাহাসিও করতাম যে একটা মানুষ এত কষ্ট করে কেন? কিন্তু তার ত্যাগ তিতীক্ষা, খেলার প্রতি ভালোবাসা, যেটা আমি কথায় কাউকে কোনোদিন বুঝাতে পারবো না। আজকে খেলা ছেড়ে দেওয়াটা যে ওর জন্য কতটা কষ্টকর, আমি কাছের মানুষ হিসেবে অনুভব করতে পারি যে এটা তার জন্য অনেক অনেক কঠিন। তুই যা অর্জন করেছিস, বাংলাদেশের জন্য অধিনায়ক কিংবা খেলোয়াড় হিসেবে যা করেছিস, সেটা বহু বছর স্মরণীয় হয়ে থাকবে।’

মুশফিককে শততম টেস্ট খেলতে দেখতে চান তামিম, ‘এখনও তুই একটা ফরম্যাট খেলবি, টেস্টে। আমি আশা করি তুই একশ টেস্ট খেলবি, যেটা বাংলাদেশের কেউ এখনও খেলেনি। আশা করবো তুই অবশ্যই একশতম টেস্ট খেলবি।’

তিনি আরও বলেছেন, ‘আমি এখন খুবই আবেগী হয়ে উঠেছি। তুই কী ফিল করছিস, আমিও সেই ফিলটা করছি। বাংলাদেশ তোকে মিস করবে, তুই যা করেছিস সেটা বহু বছর স্মরণীয় থাকবে। তোর সঙ্গে বিপিএল খেলার সৌভাগ্য হয়েছে, তোর সঙ্গে কিছু সময় কাটাতে পেরেছি। ধন্যবাদ সবকিছুর জন্য।’