ঘরের মাঠে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে নিউজিল্যান্ড। তাই আইপিএল খেলতে যাওয়া তারকাদের বাদ দিয়ে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের দল ঘোষণা করেছে স্বাগতিক দল। মূল সারির বেশ কয়েকজনের অনুপস্থিতিতে নিজ দেশে এবারই প্রথম দলকে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা দলটি থেকে ৭জনকে স্কোয়াডে রাখা হয়েছে। সেখানে শীর্ষ তারকাদের নাম অবশ্য নেই। আইপিএলে খেলবেন দেখে নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন ও গ্লেন ফিলিপসরা বাদ পড়েছেন। সিরিজের জন্য কেন উইলিয়ামসনও নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। ক্রাইস্টচার্চে সিরিজ শুরু হবে আগামী রবিবার।
দলটিতে ফিরেছেন স্পিনার ইশ সোধি। হ্যামস্ট্রিংয়ের ইনজুরি থেকে ফিরেছেন পেসার বেন সিয়ার্সও। এছাড়া রয়েছেন ফিন অ্যালেন, জিমি নিশাম ও টিম সেইফার্ট।
নিউজিল্যান্ড স্কোয়াড: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস (চতুর্থ ও পঞ্চম ম্যাচ), মিচ হে, ম্যাট হেনরি (চতুর্থ ও পঞ্চম ম্যাচ), কাইল জেমিসন (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ), ড্যারিল মিচেল, জিমি নিশাম, উইল ও’রুর্ক (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট ও ইশ সোধি।