মুস্তাফিজকে সতীর্থ হিসেবে পেয়ে খুশি আশিষ নেহরা

মুস্তাফিজইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে মাঠে নামবেন বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান। ১ কোটি ৪০ লাখ রূপিতে তাকে কিনে নিয়েছে হায়দ্রাবাদ। একই দলে খেলবেন ভারতের অভিজ্ঞ পেসার আশিষ নেহরাও। মুস্তাফিজকে সতীর্থ হিসেবে পেয়ে দারুণ খুশি এই ভারতীয় পেসার।

মঙ্গলবার ভারতীয় দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন ৩৬ বছর বয়সী এই বাঁহাতি পেসার। সেখানে মুস্তাফিজের প্রসঙ্গ আসতেই বাংলাদেশের তরুণ এই পেসারের প্রশংসা করলেন তিনি। শুধু তাই নয়, তার বক্তব্যে উঠে এসেছে তাসকিনের কথাও।
নেহরা বলেন, ‘আমি মনে করি, সীমিত ওভারের ক্রিকেটে মুস্তাফিজ দারুণ বোলার। বিশেষ করে ওর দেওয়া স্লোয়ার ডেলিভারিগুলো ভয়ঙ্কর। ঈশ্বর প্রদত্ত পাওয়া তার এই ডেলিভারিগুলো। অ্যাকশনও দারুণ। সে দারুণ সম্ভাবনাময় এক ক্রিকেটার, বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটের জন্য।’

আইপিএলে মাঠে নেমে মুস্তাফিজের সহযোগীতাও প্রত্যাশা করেন ভারতের অভিজ্ঞ এই পেসার। তিনি বলেন, ‘সে আইপিএলে আমার দলে আছে। এটা আমাকে অনেক সাহায্য করবে। তার বোলিং অ্যাকশন ব্যতিক্রমী। সে ক্রিকেটের জন্যে বড় সম্পদ। সত্যি ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে মুস্তাফিজ দারুণ একজন বোলার।’

/আরআই/এমআর/